Published : 10 Sep 2026, 12:58 PM
কাজেমিরোর মূল কাজ গোল করানো আর ঠেকানো। ইন্টার মায়ামিতে সেসব তো করছেনই, পাশাপাশি হয়ে উঠেছেন তিনি গোলস্কোরারও। পাশে একজন লিওনেল মেসি যে আছেন! দুজনের দারুণ যুগলবন্দি দেখা গেল আবার। রেকর্ড দর্শকের তুমুল আলোচিত ম্যাচটিতে গোল দেখা পেলেন রবের্ত লেভাদোফস্কিও। তবে দুই দলের এই দুজনের গোল পারেনি দলকে জেতাতে।
মেজর লিগ সকারে ১-১ গোলে ড্র হয় ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের ম্যাচটি।
এই ম্যাচ নিয়ে বেশ কিছুদিন ধরেই ছিল উত্তেজনা। টিকেট নিয়ে ছিল কাড়াকাড়ি। সব টিকেট বিক্রি হয়ে যায় ম্যাচের বেশ আগেই। বার্সেলোনার সাবেক দুই তারকা মেসি ও লেভানদোফস্কির লড়াই বলে কথা! ৬৩ হাজার ৯৪ জন দর্শক ছিলেন মাঠে, শিকাগোর ইতিহাসে যা রেকর্ড।
ম্যাচে অবশ্য তেমন উত্তেজনা ছড়ায়নি। শুরুর দিকে লেভানদোস্কির দারুণ গোলে এগিয়ে যায় শিকাগো। গোল পেলেন তিনি টানা তিন ম্যাচে। পরে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পান কাজেমিরোও। আগের ম্যাচেও মেসির কর্নার থেকে গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।
কিছুটা নিস্তরঙ্গ শুরুর পর ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় শিকাগো। অ্যান্ড্রু গুটম্যানের দুর্দান্ত ক্রসে চমৎকার ভলিতে বল জালে জড়ান লেভানদোফস্কি।
মেজর লিগ সকারে অভিষেক মৌসুমে ৯ ম্যাচে পোলিশ স্ট্রাইকারের গোল হলো ৬টি।
পঞ্চদশ মিনিটে নিজেদেল অর্ধ থেকেই কাজেমিরোর অসাধারণ দূরপাল্লার বল ধরে বক্সের ভেতর থেকে শট নেন হার্মান বের্তেরামে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রক্ষা করেন শিকাগোর গোলকিপার ক্রিস ব্র্যাডি। ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মেসি দুর্বল শট ঠেকান তিনি অনায়াসেই।
৪০তম মিনিটে অবশ্য ব্র্যাডির কঠিন পরীক্ষা নেন মেসি। তিনজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরাল বাঁকানো শট নেন মায়ামি অধিনায়ক, বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান শিকাগো গোলকিপার।
৪৬তম মিনিটে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে শট নেন মেসি। আবার ডাইভ দিয়ে ফেরান ব্র্যাডি। ফিরতি বলে ফাঁকা গোলে বল পাঠাতে ছুটে যা বের্তেরামে। কিন্তু তার সামনে থেকে ছো মেরে বল বাইরে পাঠিয়ে দেন কদিন আগে মায়ামি থেকে ধারে শিকাগোতে যাওয়া নোয়াহ অ্যালেন।
শেষ রক্ষা অবশ্য হয়নি শিকাগোর। ওই আক্রমণ থেকে পাওয়া কর্নারে দারুণভাবে বল বক্সে রাখেন মেসি। অনেকটা লাফিয়ে নিখুঁত জোরাল হেডে গোল করেন কাজেমিরো।
৫১তম মিনিটে মেসির ফ্রি কিকে আবার ডাইভ দিয়ে বল বাইরে পাঠান ব্র্যাডি। পরমুহূর্ত রদ্রিগো দে পলের শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।
৬৪তম মিনিটে শিকাগোর জ্যাক এলিয়টের হেড অল্পের জন্য ওপর দিয়ে চলে যায়। পরে আরও কয়েকটি আক্রমণ চালিয়ে গোল আদায় করতে পারেনি তারা। মায়ামিও পারেনি সম্ভাবনা জাগাতে।
২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে মায়ামি, ৩৯ পয়েন্ট নিয়ে চারে শিকাগো। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।