Published : 03 Nov 2025, 05:58 PM
যে ক্লাবের হয়ে ফুটবলে পথচলা শুরু ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের, যেখানে কাটিয়েছেন দুই দশকের বেশি সময়, উপভোগ করেছেন দারুণ সব সাফল্য, সেখানেই এবার তিনি ফিরতে যাচ্ছেন প্রতিপক্ষ বেশে। তাই, একসময়ের প্রিয় ঠিকানা লিভারপুলের পরিবেশ এবার তার জন্য হয়ে উঠতে পারে বৈরী। তবে যা কিছুই হোক না কেন, দর্শকরা যতই ক্ষোভ প্রকাশ করুক, কোনোকিছুতেই লিভারপুলের প্রতি তার ভালোবাসা কমবে না, জানালেন ইংলিশ তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে মঙ্গলবার লিভারপুলের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। গত জুনে যে দলে যোগ দেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লিভারপুলে জন্ম ও বেড়ে ওঠা অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্লাবটির একাডেমিতে আলো ছড়িয়ে মূল দলে জায়গা করে নিয়েছিলেন। এই ক্লাবের হয়ে তিনি জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপা।
তবে গত মৌসুমে ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। লিভারপুলে তার নতুন চুক্তি না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্লাবটির সমর্থকরা। এজন্য গত মে মাসে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে দুয়ো দেন কিছু লিভারপুল সমর্থক।
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চার মাসের মাথায় সাবেক ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন, সেটাও আবার অ্যানফিল্ডেই, লিভারপুলের সমর্থকরা তাকে কিভাবে গ্রহণ করবেন?-অনেকের মনেই প্রশ্নটা কৌতুহলের জন্ম দিচ্ছে।
ভাবছেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও। তবে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, সেখানে যা কিছুই হোক না কেন, লিভারপুলের প্রতি অনুভূতিতে কোনো পরিবর্তন আসবে না।
“যেভাবেই আমাকে গ্রহণ করা হোক না কেন, তা ভক্তদের সিদ্ধান্ত। আমি সবসময় এই ক্লাবকে ভালোবাসব, সবসময় এর সমর্থক হয়ে থাকব।”
“যাই হোক না কেন, লিভারপুলের প্রতি আমার অনুভূতি বদলাবে না। সেখানে এমন কিছু স্মৃতি আছে, যা আজীবন আমার হৃদয়ে থাকবে। আমাকে যেভাবেই গ্রহণ করা হোক না কেন, সেই অনুভূতি অপরিবর্তিত থাকবে।”
মাঠে বর্তমানে লিভারপুলের সময়টা মোটেও ভালো কাটছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের ছয়টিতেই হেরেছে তারা। তবুও আর্না স্লটের দলকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
“কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। অ্যানফিল্ডের পরিবেশ ও দর্শকদের প্রতিক্রিয়া ম্যাচটাকে আরও কঠিন করে তুলবে…যদিও তারা সাম্প্রতিক সময়ে ভালো ফল পায়নি, তবুও তারা এখনো দারুণ এক দল। আমাদের কেউই ভাবছে না যে, এটা সহজ কোনো ম্যাচ হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ আছে তালিকার ৫ নম্বরে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে হেরে ৩ ম্যাচের ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে স্লটের দলের অবস্থান দশম স্থানে।