Published : 03 Nov 2025, 07:25 PM
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে একটি ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। চোটে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন দলটির আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
ইউরোপের সফলতম ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ১৮ বছর বয়সী এই ফুটবলারের ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যা ধরে পড়েছে। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
এসব ক্ষেত্রে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগে, আবার কখনও কয়েক মাসও লেগে যেতে পারে।
লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে পুরোটা সময় খেলেন মাস্তানতুয়োনো। এবারের আসরে রেয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনা ম্যাচ ছাড়া দলের বাকি ৯ ম্যাচেই তিনি খেলেছেন, ৭টিতে ছিলেন শুরুর একাদশে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে দলের তিন ম্যাচেই তিনি মাঠে নেমেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮৯ মিনিট খেলে গোল ও অ্যাসিস্ট করেছেন একটি করে।
অ্যানফিল্ডে মঙ্গলবার ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে শাবি আলোন্সোর রেয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।