১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোট শঙ্কা নিয়েই ফ্রান্স দলে একিটিকে

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জ্যঁ ফিলিপ মাতেতা।

চোট শঙ্কা নিয়েই ফ্রান্স দলে একিটিকে
ফ্রান্সের জার্সিতে উগো একিতিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 02:13 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

লিভারপুলের সবশেষ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া উগো একিটিকেকে বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের দলে রেখেছে ফ্রান্স। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যঁ ফিলিপ মাতেতা।  

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে অক্টোবরে আজারবাইজান ও আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৩ জনের দল ঘোষণা করেছেন ফরাসিদের কোচ দিদিয়ে দেশম।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসাইয়ের বিপক্ষে লিভারপুলের শুরুর একাদশে ছিলেন একিটিকে। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লট।

১-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচের পর একিটিকেকে নিয়ে স্লট বলেন, “সে খেলা চালিয়ে যেতে পারবে না জানানোয় তাকে আমাদের তুলে নিতে হয়েছিল। দেখা যাক, সপ্তাহান্তে সে কেমন অনুভব করে।”

আন্তর্জাতিক বিরতির আগে আগামী শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে খেলবে লিভারপুল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একিটিকে খেলেন কিনা, সেটাই এখন দেখার।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ দিয়ে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পান একিটিকে। ইউক্রেইনের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। পরে খেলেন আইসল্যান্ড ম্যাচেও। যদিও দুই ম্যাচ মিলিয়ে কেবল ১০ মিনিট খেলার সুযোগ পান এই ফুটবলার।

নতুন মুখ মাতেতা চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের হয়ে ভালো খেলছেন। ১০ ম্যাচে ৪ গোল করেছেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ড।

ফ্রান্সের আক্রমণভাগে আরও আছেন রেয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে, পিএসজির ব্রাডলি বারকোলা ও এবারের গ্রীষ্মের দলবদলে সৌদি ক্লাব আল নাস্রে যোগ দেওয়া কিংসলে কোমান।

এবারের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলেকে অবশ্য পাচ্ছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন পিএসজির তারকা ফরোয়ার্ড। 

আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে ফ্রান্স। ১৪ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে তারা।

বাছাইপর্বে প্রথম দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। দুই ম্যাচের একটা জেতা আইসল্যান্ড আছে দুইয়ে। পরের দুই স্থানে ইউক্রেইন ও আজারবাইজান।