২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বসুন্ধরা কিংসে কিউবা মিচেল

ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে দলে টেনেছে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংসে কিউবা মিচেল
কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস। ছবি: কিউবা মিচেলের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চলতি দলবদলের মধ্যবর্তী সময়ে চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটি দলে টেনেছে সান্ডারল্যান্ডের যুব দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেলকে। দলটির ডাগআউটে শেষ হচ্ছে ভ্যালেরি তিতের সময়, নতুন দায়িত্বে আসছেন ব্রাজিলিয়ান কোচ সের্জিও ফারিয়াস।

১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে তিন বছরের জন্য দলে নেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কিংস সভাপতি ইমরুল হাসান।

“প্রিমিয়ার লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে দলের শক্তি বাড়াতে কিউবা মিচেলকে নিয়েছি আমরা। আগামী মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াস থাকবেন আমাদের ডাগআউটে।”

‎কিউবা মিচেলের জন্ম ইংল্যান্ডে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট থাকায় দুটি দেশের হয়েই খেলার দুয়ার তার সামনে খোলা। গত জুনে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় এই তরুণ। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তাঁর।

বার্মিংহ্যাম একাডেমির হয়ে যাত্রা শুরুর পর ২০২২ সালে তিনি যোগ দেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে। গত জুলাইয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে।

ছোট–বড় মিলিয়ে ১৫টি দলের কোচিং করানো ফারিয়াসের সাথে কিংসের চুক্তি এক বছরের। ৫৮ বছর বয়সী এই কোচ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বেও ছিলেন। সর্বশেষ ছিলেন কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিংয়ের ডাগআউটে।

২০১৮ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা কিংস টানা পাঁচ মৌসুম অস্কার ব্রুজনের অধীনে শিরোপা জিতেছিল। ব্রুজনের বিদায়ের পর রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের হাত ধরে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে পারেনি তারা।