Published : 25 Sep 2025, 12:10 PM
আগের ম্যাচেও সুযোগটি এসেছিল। লিওনেল মেসি তা না নিয়ে এগিয়ে দিয়েছিলেন সতীর্থকে। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি। অথচ দুবারই পেনাল্টি তিনি নিজে নিলে হয়তো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক হতো তার। অধিনায়কের এমন সিদ্ধান্তে অবশ্য বিস্মিত নন কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলছেন, মেসি তো এসব কতই করেছেন!
মেজর লিগ সকারের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে ৭৪ ও ৮৬তম মিনিটে দারুণ দুটি গোল করেন মেসি। এই দুটির মাঝে পেনাল্টি পায় মায়ামি। মেসি নিজে শট না নিয়ে এগিয়ে দেন দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসকে। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফেরা অভিজ্ঞ ফরোয়ার্ড বল জালে পাঠাতে ভুল করেননি।
ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে মেজর লিগ সকারের প্লেঅফ নিশ্চিত করে মায়ামি। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন মেসি।
আগের ম্যাচেও দুটি গোল করার সঙ্গে একটি অ্যাসিস্ট ছিল মেসির। সেদিনও ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে একটি পেনাল্টি পেয়েছিল মায়ামি। মেসি নিজে না নিয়ে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও সিলভেতিকে। তবে মায়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী উইঙ্গার পারেননি সুযোগ কাজে লাগাতে।
ম্যাচের পর মাসচেরানো বললেন, সতীর্থদের পাশে থাকতে ও দলকে একাত্ম করে তুলতে এমন কিছু করতে ভালোবাসেন মেসি।
“এটা নতুন কী! ক্যারিয়ারজুড়ে অনেকবারই তো সে এটা করেছে। মাঝেমধ্যেই সে মাঠে খুঁজে নেয়, দলে কোন সতীর্থ খুব বেশি গোল করেনি বা তার নিজের চেয়ে গোল বেশি দরকার কার। সে এভাবেই চেষ্টা করে সহায়তা করতে।”
“আমার মতে, এটা তো দারুণ ব্যাপার। সবাইকে দলীয় চেতনার দিকটি দেখিয়ে দেয় সে, দলের সবাইকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে। আর যে ফুটবলারদের গোল দরকার, আজকে যেমন ছিল লুইসের (সুয়ারেস), তাদেরকেও একাত্ম করে নেয়। চমৎকার ব্যাপার এটি।”
এই ম্যাচে জোড়া গোল করে মায়ামির সবশেষ ১২ ম্যাচের মধ্যে আটটিতেই একাধিক গোল উপহার দিলেন মেসি। মেজর লিগ সকারে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা মাত্র চতুর্থ ফুটবলার তিনি।
২৩ ম্যাচে ২৪ গোল করে লিগের গোল্ডেন বুটের লড়াইয়েও সবার ওপরে আর্জেন্টাইন তারকা।