২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মুসিয়ালাকে পরের ম্যাচেই পাওয়ার আশায় বায়ার্ন

চারদিনের মধ্যে দুইবার খিঁচুনির কারণে মাটিতে লুটিয়ে পড়ার থেকে মাঠের বাইরে আছেন জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মুসিয়ালাকে পরের ম্যাচেই পাওয়ার আশায় বায়ার্ন
জামাল মুসিয়ালা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 03:46 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

স্নায়ু-সংক্রান্ত সমস্যা কাটিয়ে ওঠার পথে আছেন জামাল মুসিয়ালা। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে দ্রুত পাওয়ার আশায় আছেন ভেঁসো কম্পানি। তবে মাঠে ফিরতে মুসিয়ালাকে কোনো ধরনের চাপ দিতে চান না বায়ার্ন মিউনিখ কোচ। 

প্রাক-মৌসুমে চারদিনের মধ্যে দুইবার খিঁচুনির কারণে মাঠেই লুটিয়ে পড়েন মুসিয়ালা। ১৮ অগাস্ট হেইডেনহেইমের বিপক্ষে সবশেষ এই সমস্যার পর থেকে মাঠের বাইরে আছেন ২৩ বছর বয়সী ফুটবলার।

জার্মান কাপের বুধবার দ্বিতীয় বিভাগের দল ওসনাব্রুককে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বায়ার্ন। জোড়া গোল করেন হ্যারি কেইন। একবার করে জালের দেখা পান টম বিসফ ও মাইকেল ওলিসে।

ম্যাচ শেষে কম্পানি জানান, শনিবার বুন্ডেসলিগায় ফেরা শালকের বিপক্ষে মুসিয়ালা ‘বিবেচনায়’ থাকতে পারেন। তবে পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে “তার ওপর আর কোনো চাপ দিতে চান না” তিনি।

ওসনাব্রুকের বিপক্ষে দলে খুব বেশি পরিবর্তন আনেননি কম্পানি। আক্রমণভাগে কেইন, লুইস দিয়াস ও ওলিসেকে শুরুর একাদশে রাখেন তিনি। পিএসভি আইন্দহোভেন থেকে দলে যোগ দেওয়া ইসমায়েল সাইবারি প্রথমবারের মতো বায়ার্নের হয়ে একাদশে ছিলেন।

ম্যাচ নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেন কম্পানি।

“আমরা বারবার জায়গা খুঁজে পেয়েছি এবং শেষ পর্যন্ত সুযোগগুলো কাজেও লাগিয়েছি। প্রথমার্ধে তাদের জমাট রক্ষণ ভাঙতে লড়াই করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে তারা আমাদের আক্রমণ করার চেষ্টা করেছে, আর তাতেই আমাদের জন্য আরও কিছু সুযোগ তৈরি হয়েছে।”

সুপার কাপে ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করে বায়ার্ন। বুন্ডেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে তারা ৫-১ গোলে উড়িয়ে দেয় স্টুটগার্টকে।