কুরাসাওয়ের সঙ্গেই থাকছেন আটফোকাট
কনক্যাকাফ নেশন্স লিগে তিনটি ম্যাচের জন শিগগিরই স্কোয়াড ঘোষণা করবেন বিশ্বকাপে নতুন ইতিহাস গড়া কোচ।
দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে নেওয়া কোচ ডিক আটফোকাটের সঙ্গে নতুন চুক্তি করেছে কুরাসাও ফুটবল ফেডারেশন। আগামী জুলাই পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন বর্ষীয়ান এই কোচ।
এই ডাচ কোচ এবং ক্যারিবিয়ান দেশটির ফুটবলের জন্য বছরটা ছিল বেশ ঘটনাবহুল এবং সেই সঙ্গে স্মরণীয়ও।
৭৮ বছর বয়সী আটফোকাটের হাত ধরেই গত নভেম্বরে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পায় ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ তারাই।
তবে মেয়ের অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেন তিনি। তার জায়গায় আসেন আরেক ডাচ কোচ ফ্রেড রাটান। কিন্তু গত মার্চে পরপর দুটি ম্যাচে হারের পর, রাটানের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের গুঞ্জন ওঠে এবং নানা নাটকীয়তার পর, মে মাসে আবার পুরনো দায়িত্বে ফেরেন আটফোকাট।
পরে তার কোচিংয়েই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নেয় কুরাসাও এবং সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে কোচিং করানোর ইতিহাস গড়েন তিনি।
ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খুব বড় কোনো অঘটন ঘটাতে পারেনি কুরাসাও, ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা। তবে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে একটি পয়েন্ট আদায় করে নেয় দলটি।
দেশটির সঙ্গে তার পথচলা এবার আরও দীর্ঘ হচ্ছে। নতুন চুক্তি করতে পেরে খুব খুশি আটফোকাট।
“কাজ করার জন্য এই দলটা চমৎকার। আমরা একসঙ্গে অসাধারণ কিছু অর্জন করেছি, এবং এই খেলোয়াড় ও স্টাফদের নিয়ে আমরা যা কিছু অর্জন করেছি, সেটার ওপর ভিত্তি করে আরও উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
কনক্যাকাফ নেশন্স লিগে কোস্টা রিকা, নিকারাগুয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচের জন্য শিগগিরই স্কোয়াড ঘোষণা করবেন আটফোকাট।
