Published : 19 Aug 2025, 09:01 PM
আসছে কিছুদিনের মধ্যে ‘নতুন ঠিকানায়’ পাড়ি জমাতে পারেন ক্লাউদিও এচেভেরি। বিবিসির খবর, ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে পুরো মৌসুমের জন্য ধারে নিতে সমঝোতায় পৌঁছেছে বায়ার লেভারকুজেন।
২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে এচেভেরিকে দলে টানে সিটি। তবে চুক্তির পর এক বছর ধারে স্বদেশের ক্লাবটিতে খেলে গত ফেব্রুয়ারিতে সিটিতে যোগ দেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
গত মে মাসে এফএ কাপের ফাইনাল দিয়ে ইংলিশ ক্লাবটির জার্সিতে অভিষেক হয় এচেভেরির। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে ম্যাচটি হেরে যায় সিটি।
পরে প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলার সুযোগ পান এচেভেরি। গত জুনে ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে সিটির হয়ে প্রথম জালের দেখা পান তিনি।
চলতি দলবদলের বাকি সময়ের মধ্যেই জার্মান ক্লাব লেভারকুজেনে যোগ দিতে পারেন এচেভেরি। যেখানে প্রধান কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ।
দুই দিন আগে স্কোয়াডে খেলোয়াড় বেড়ে যাওয়ায় অস্বস্তির কথা বলেছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। দলের জন্য বড় স্কোয়াড মোটেও ‘ভালো নয়’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপরই এলো এচেভেরির সম্ভাব্য দলবদলের এই খবর।
দলের গত কয়েক বছরের অনেক সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার গোলরক্ষক এদেরসন ও মিডফিল্ডার সাভিনিয়োর সিটি ছাড়ার সম্ভাবনা নিয়েও শোনা যাচ্ছে গুঞ্জন। গণমাধ্যমের খবর, ২১ বছর বয়সী সাভিনিয়োকে দলে যোগ করতে চায় টটেনহ্যাম হটস্পার। আর ৩১ বছর বয়সী এদেরসনের নতুন গন্তব্য হতে পারে তুরস্কের ক্লাব গালাতাসারাই।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে লিগ মৌসুম শুরু করেছে সিটি। আগামী শনিবার পরের লিগ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে তারা।