১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্লাবে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরলেন ম্যাগুইয়ার

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে এখন বিশ্বকাপ খেলার সম্ভাবনাও বাড়ল এই ডিফেন্ডারের।

ক্লাবে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরলেন ম্যাগুইয়ার
হ্যারি ম্যাগুইয়ার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

মাঝে দীর্ঘ সময়ের জন্য ছন্দ হারিয়ে ফেলেছিলেন হ্যারি ম্যাগুইয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডে একাদশে জায়গা হারিয়ে ধুকছিলেন, বাদ পড়ে যান জাতীয় দল থেকেও। সেই কঠিন সময় এখন যেন অতীত। ক্লাবের শুরুর একাদশে নিয়মিত হওয়ার পর, এবার ইংল্যান্ড জাতীয় দলেও জায়গা ফিরে পেলেন এই ডিফেন্ডার।

আসছে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিপর্বে চলতি মাসের শেষ সপ্তাহে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর জন্য ৩৫ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ টমাস টুখেল।

ওয়েম্বলিতে আগামী ২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। এর চার দিন পর একই মাঠে খেলবে জাপানের বিপক্ষে। 

আন্তর্জাতিক ফুটবলে ৬৪টি ম্যাচ খেলা ম্যাগুইয়ার দেশের হয়ে সবশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। ওই বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না তিনি। সেই আসরে রানার্সআপ হয়েছিল ইংলিশরা।

তবে গত কয়েক সপ্তাহে ম্যাগুইয়ার ও তার দল ইউনাইটেডের মাঠের পারফরম্যান্স বেশ উজ্জ্বল। একই কারণে তার ক্লাব সতীর্থ মিডফিল্ডার কবি মেইনুকেও দলে ডেকেছেন টুখেল। 

রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও, এখনও পুরোপুরি ফিট নন তিনি। তবুও তাকে দলে রেখেছেন ইংল্যান্ড কোচ। তবে বাইরেই আছেন রেয়ালের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

আগামী ১১ জুন শুরু হবে আসছে বিশ্বকাপ। ৪৮ দলের লড়াই হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। 

মূল আসর শুরুর আগে ইংল্যান্ড আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে। 

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।