Published : 07 May 2026, 06:57 PM
টানা দ্বিতীয় মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা লুইস এনরিকেকে বিশ্বের সেরা কোচ মনে করেন ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি। এই স্প্যানিয়ার্ডকে কোচ হিসেবে নিয়ে আসাকে নিজের সেরা সিদ্ধান্ত হিসেবে দেখেন তিনি।
সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে ৫-৪ গোলে এগিয়ে থাকা ফরাসি ক্লাবটি বুধবার মিউনিখে ফিরতি লেগে ১-১ ড্র করে।
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াইয়ে ইংলিশ ক্লাব আর্সেনালের মুখোমুখি হবে তারা।
বার্সেলোনার সাবেক কোচ এনরিকেকে ২০২৩ সালের জুলাইয়ে নিয়োগ দেন আল-খেলাইফি। তার কোচিংয়ে গত মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় আরেকটি শিরোপা থেকে এখন স্রেফ একটি জয় দূরে তারা।
আবার ফাইনালে ওঠার পর সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকেকে পাশে নিয়েই তার উচ্ছ্বসিত প্রশংসা করেন আল-খেলাইফি।
“লুইস এনরিকে আমাদের সেরা সম্পদ, সেরা, আমার সেরা সিদ্ধান্ত (তাকে নিয়োগ দেওয়া)। তাকে চুক্তিবদ্ধ করার বিষয়ে তার সঙ্গে ১৫ বছর ধরে কথা বলেছি আমি। তিনি অসাধারণ একজন কোচ, বিশ্বের সেরা কোচ, ব্যক্তি হিসেবেও সেরা। তিনি যেভাবে প্রতিদিনের কাজকর্ম করেন, খেলোয়াড়, এমনকি গণমাধ্যমকেও যেভাবে সামলান, তা অবিশ্বাস্য, ফ্রান্সে যা সহজ নয়, কিন্তু তিনি অসাধারণ।”
“এই ক্লাবে লুইস এনরিকে ও ইতিহাস তৈরি করা প্রত্যেককে পাওয়াটা সম্মানের। আমরা এটাই চাই। আমাদের সেই ডিএনএ আছে এবং আজ আমরা তা প্রমাণ করেছি। তারা শুধু ফুটবলার নয়, তারা সত্যিকারের যোদ্ধা। তিনি শুধু পিএসজি নয়, বরং গোটা ফুটবল জগতে বিপ্লব এনেছেন। তাকে নিয়ে আমি খুবই গর্বিত, বিশ্বের সেরা কোচ তিনি।”