Published : 08 Aug 2026, 04:03 PM
নতুন ঠিকানায় পাড়ি দিতে যাচ্ছেন রোনাল্দ আরাউহো। পুরো এক মৌসুমের জন্য বার্সেলোনার এই ডিফেন্ডারকে ধারে দলে টানার খুব কাছে আছে লিভারপুল।
বিবিসির খবর, চুক্তিতে ২৭ বছর বয়সী আরাউহোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে লিভারপুলের। এই সপ্তাহান্তে অ্যানফিল্ডের দলটিতে যোগ দিতে পারেন উরুগুয়ের ফুটবলার।
গত চার মৌসুমের মধ্যে তিনবার বার্সেলোনার লা লিগা জয়ে ভূমিকা রেখেছেন আরাউহো। গত মৌসুমে কাতালান ক্লাবটিকে নেতৃত্ব দেন তিনি।
বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিভুক্ত আছেন আরাউহো। তবে গত মৌসুমে শুরুর একাদশে খেলার সুযোগ খুব একটা পাননি তিনি। স্রেফ ১১টি লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। পাউ কুবার্সির সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে জেরার্দ মার্তিনকে খেলান বার্সেলোনা কোচ হান্স ফ্লিক।
২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ২০০টির বেশি ম্যাচ খেলেছেন আরাউহো।
ইব্রাহিমা কোনাতে ফ্রি ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করার চেষ্টা করছে লিভারপুল।