১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

ফের্নান্দেসের পেনাল্টি মিস, আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও ইউনাইটেডের ড্র

মাঠে নেমে প্রথম স্পর্শেই গোল করে ফুলহ‍্যামকে একটি পয়েন্ট এনে দিয়েছেন এমিল স্মিথ রো।

ফের্নান্দেসের পেনাল্টি মিস, আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও ইউনাইটেডের ড্র
ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ড শেষেও জয়শূন‍্য ম‍্যানচেস্টার ইউনাইটেড। হার দিয়ে আসর শুরু করা হুবেন অ‍্যামুরির দল এবার ড্র করেছে ফুলহ‍্যামের বিপক্ষে। 

ফুলহ‍্যামের মাঠে রোববার ম‍্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। 

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। বদলি নেমে প্রথম স্পর্শ বল জালে পাঠিয়ে ফুলহ‍্যামকে একটি পয়েন্ট এনে দেন এমিল স্মিথ রো। 

ঘরের মাঠে নয় ম‍্যাচের মধ‍্যে ইউনাইটেডের বিপক্ষে এটাই ফুলহ‍্যামের প্রথম পয়েন্ট।

ইউনাইটেডেরে শুরুটা ছিল আশা জাগানিয়া, প্রথম দুই মিনিটে গোলের জন‍্য দুটি শট নেন মাতেউস কুইয়া। দূরপাল্লার প্রথম গতিময় শট ক্রসবারের উপর দিয়ে যায়। দ্বিতীয়টি ব‍্যর্থ হয় পোস্টে লেগে।পরে আরেকটি দারুণ সুযোগ পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ডি বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়েও ফুলহ‍্যাম গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে বড় বিপদ থেকে বেঁচে যায় ফুলহ‍্যাম। স্পট কিক অনেক উপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ইউনাইটেডের পর্তুগিজ মিফিল্ডার ফের্নান্দেস। শুরুতে পেনাল্টি দেননি রেফারি। ভিএআর মনিটরে ম‍্যাসন মাউন্টকে স্বাগতিকদের কালভিন বাসির ফাউলের ভিডিও দেখার পর পেনাল্টি দেন তিনি।

৫৮তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। লেনি ইয়োরোর হেড ফুলহ‍্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে জড়ায় জালে। এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ‍্য বেশিক্ষণ থাকেনি।

বদলি নামার ৯৩ সেকেন্ড পর প্রথম স্পর্শেই ঠিকানা খুঁজে নেন ফুলহ‍্যামের স্মিথ রো। আলেক্স আইয়োবির দুর্দান্ত ক্রসে তার কেবল একটি টোকাই দিতে হয়। 

৮৭তম মিনিটে একটুর জন‍্য লক্ষ‍্য খুঁজে পাননি হ‍্যারি ম‍্যাগুইয়ার। কর্নার থেকে ইউনাইটেডের অভিজ্ঞ এই ডিফেন্ডারের হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ‍্যাম। আর্সেনালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেডের অবস্থান ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।