২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চোটে ছিটকে গেলেন আতলেতিকোর ডিফেন্ডার

বাঁ হাঁটুর পেছনের অংশে চোট পেয়েছেন স্প্যানিশ ফুটবলার হবাঁন লু নহমাঁ।

চোটে ছিটকে গেলেন আতলেতিকোর ডিফেন্ডার
ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন হবাঁন লু নহমাঁ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার হবাঁন লু নহমাঁ। এই স্প্যানিশ সেন্টার-ব্যাক বাঁ পায়ের হাঁটুর পেছনের দিকে বেশ গুরুতর চোট পেয়েছেন বলে জানিয়েছে তার ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে এই চোট পান লু নহমাঁ। পরদিন বিবৃতিতে খবরটি জানায় আতলেতিকো। 

ম্যাচের ২৬তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় স্পেন জাতীয় দলের এই ফুটবলারকে। বেলজিয়ান ক্লাবটির এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম লিখেছে, ২৮ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে অন্তত এক মাস সময় লাগবে। ফলে ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। 

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে এবং এর তিন দিন পর তুরস্কের বিপক্ষে খেলবে স্পেন।

আগামী শনিবার লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলে আন্তর্জাতিক বিরতিতে যাবে আতলেতিকো। বিরতি থেকে ফিরে পরের ১০ দিনে চারটি ম্যাচ খেলবে মাদ্রিদের দলটি, এর মধ্যে একটি তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে আছে আতলেতিকো। এক জয়ে ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের অবস্থান ২৮ নম্বরে। 

সব ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ।