Published : 28 Mar 2026, 07:57 PM
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের পথের শেষে এসে বাংলাদেশের চাওয়া ফুটে উঠল শেখ মোরসালিনের কণ্ঠে। তরুণ এই ফরোয়ার্ড জানালেন, চাপ না নিয়ে নির্ভার থেকে সেরা ফল তুলে নিয়ে বাছাই শেষ করা তাদের একমাত্র লক্ষ্য।
বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ঢাকায় ২-১ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।
বাছাই পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। ৫ ম্যাচে এক জয় দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। সবগুলো দলেরই বাকি আছে একটি করে ম্যাচ।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে সিঙ্গাপুর পৌঁছে শনিবার প্রথম অনুশীলন সেরেছে দল। অনুশীলনের ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় মোরসালিন বলেছেন, প্রতিপক্ষের মাঠে ভালো ফল পাওয়ার চাপ অনুভব করছেন তারা।
“আবহাওয়া যদি আমি বলি, আমাদের বাংলাদেশের মতোই। তো এটা নিয়ে অ্যাডজাস্ট করার মতো কিছু নেই। সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। চাপ থাকবে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কীভাবে (ভালো করা যায়)... যেহেতু আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর রেকর্ড ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে জিততে পারি তাহলে আমরা গ্রুপে দ্বিতীয় হয়েও শেষ করতে পারব।”
“আমরা এটাই চাই যে, ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মানসিকভাবে বলেন, সবাই খুবই প্রস্তুত যে, এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক জিতে বের হতে হবে, এরকমই লক্ষ্য।”
ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে সিঙ্গাপুর গেছে বাংলাদেশ। ভিয়েতনামে প্রত্যাশা পূরণ হয়নি, সেটাও অকপটে বললেন মোরসালিন।
“ভিয়েতনামে আমাদেরও প্রত্যাশা ছিল, আমরা দ্বিতীয়ার্ধে খুবই ভালো করেছি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো আধিপত্য করার চেষ্টা করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে যে ভুলত্রুটিগুলো ছিল, ওগুলো শিখে আমরা এই ম্যাচগুলোতে ওগুলো কাজে লাগানোর। যেন আমরা এই ম্যাচটা জিততে পারি।”
“লক্ষ্য এখন আমাদের এই ম্যাচ নিয়েই। আমরা সবাই খুব ইতিবাচক। আমাদের যেভাবেই হোক এই ম্যাচ জিততে হবে। আমরা মানসিকভাবে ওভাবেই প্রস্তুত এবার।”
সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণের অভিজ্ঞ সেনানী তপু বর্মন, আক্রমণভাগের নির্ভরতা রাকিব হোসেনকে কার্ডের খাড়ায় পাচ্ছে না বাংলাদেশ। বাকিদের এই কমতিটুকু পুষিয়ে দিতে হবে বলে মনে করেন মোরসালিন। প্রতিপক্ষের মাঠে দেশী সমর্থকদেরও পাশে পাওয়ার আশা করছেন তিনি।
“তারা (তপু ও রাকিব) থাকলে তো অবশ্যই ভালো হতো। এখন নেই, তো আমরা যারা আছি, তাদেরকে নিয়েই লড়াই করতে হবে এবং আমরা সবাই প্রস্তুত লড়াই করার জন্য।
“আমরা বিভিন্নভাবে জেনেছি যে, তারা খেলা দেখতে আসবেন। তো আমরা আশা করছি, তাদেরকে আমরা নিরাশ করব না। তারা অনেক কষ্ট করে আসবেন, টিকেটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকেট কেটেছেন। আমরা এখানে অবশ্যই জেতার জন্যই এসেছি। আমরা যেন জিততে পারি। তাদের কাছে দোয়া চাই আমরা এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা এবং সুন্দরভাবে বাংলাদেশে জিতে ফিরতে পারি।”