Published : 30 Aug 2026, 02:03 PM
ডাগআউটে দাঁড়িয়ে চিৎকার-চেঁচামেচি করতে হয়নি। ম্যাচ চলার সময় কৌশল পরিবর্তন বা বদলি নামানো নিয়ে মাথা ঘামাতে হয়নি। গিয়ের্মো ওশো এই ম্যাচে ছিলেন কেবলই দর্শক। মন ভরে তাই লিওনেল মেসির খেলা উপভোগ করতে পেরেছেন তিনি। যা দেখলেন, যে অভিজ্ঞতা হলো, তা ফুটিয়ে তোলার উপযুক্ত ভাষা খুঁজে হয়রান ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ।
সাম্প্রতিক ম্যাচগুলোতে একাধিকবার লিগের ‘লেট কিকঅফ পলিসি’ লঙ্ঘনের দায়ে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটিতে নিষিদ্ধ ছিলেন ওশো। বক্সে বসে তিনি দেখেছেন তার দল কীভাবে ছেলেখেলা করছে প্রতিপক্ষকে নিয়ে।
মেজর লিগ সকারের ম্যাচটি ৭-১ গোলে জিতে নেয় ইন্টার মায়ামি। মেসি একাই করেন চার গোল। এর দুটি ছিল ফ্রি কিক থেকে, আরেকটি ছিল তিনজনকে কাটিয়ে মোহনীয় এক গোল। এছাড়া সহায়তা করেন আরও একটি গোলে। ৩৯ বছর বয়সে এমন পারফরম্যান্সে আরও একবার বুঝিয়ে দিয়েছেন নিজের শ্রেষ্ঠত্ব।
মেসিকে নিয়ে তো আসলে বিস্ময়ের কিছু বাকি নেই আর। তবু তিনি এভাবে চমকে দেন এই ক্যারিয়ার গোধূলিতেও। ম্যাচের পর কোচ ওশো যা বললেন, সেটি আসলে নানা সময়ে আরও অসংখ্যবার শোনা গেছে নানাজনের কাছ থেকে।
“এমন ফুটবলীয় সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা নেই। এত কিছু হয়েছে যে, শব্দ দিয়ে বোঝানো কঠিন।
ক্রমাগত সেই গোল, সেই খেলা, সেই পাসটির সন্ধানে থাকে সে। আমার মনে হয় না সে সাধারণ কোনো ফুটবলার। ফুটবলার এবং ব্যক্তি হিসেবে তাকে বিশ্লেষণ করতে গেলে এত গভীরে যেতে হয় যে, ভাষা ফুরিয়ে যায়।”
এই নিয়ে ক্যারিয়ারে ৯ বার একই ম্যাচে চারটি বা এর বেশি গোল করলেন মেসি। সবশেষটি ছিল ২০২০ সালে বার্সেলোনার জার্সিতে লা লিগায়। ১৮ গোল নিয়ে এবারের মৌসুমে মেজর লিগ সকারের সবচেয়ে বেশি গোলও এখন তার।
এবারের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করা মেসিকে এখনও বিশ্বসেরাই মনে করেন কাজেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার মায়ামিতে যোগ দেওয়ার সময় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেছিলেন, মেসির জন্যই তিনি এই ক্লাবে এসেছেন। মন্ট্রিয়লের বিপক্ষে এই ম্যাচে গোলের সূচনা করেন তিনিই, যেটি নতুন ক্লাবে তার প্রথম গোল। এরপর মেসির খেলা দেখে মুগ্ধতার টইটম্বুর তিনি।
“দলে মেসি থাকার অর্থ এটাই। এই মুহূর্তগুলো আমাদের উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন ব্যক্তি ও ফুটবলার, যে ইতিহাস তৈরি করে।”
“আমরা আজ দেখলাম যে আমাদের এটা উপভোগ করতে হবে, তাকে সমর্থন করে যেতে হবে এবং তার সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে, কারণ সে এখনও সবার সেরা। বিশ্বকাপে সে তা প্রমাণ করেছে। আমাদের এটা উপভোগ করতে হবে, কারণ তাকে নিয়ে আমরা আরও অনেক বেশি শক্তিশালী।”