২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘মনে হচ্ছে অন্য খেলা খেলছে’, বার্সার পারফরম্যান্সে মুগ্ধ সিমেওনে

বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা হাফিনিয়া ও লামিন ইয়ামালেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।

‘মনে হচ্ছে অন্য খেলা খেলছে’, বার্সার পারফরম্যান্সে মুগ্ধ সিমেওনে

দারুণ ছন্দে আছেন হাফিনিয়া ও লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:58 PM

Updated : 21 Sep 2026, 06:58 PM

নতুন মৌসুমে অবিশ্বাস্য ছন্দে এগিয়ে চলেছে বার্সেলোনা। গোলের পর গোল করে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে কাতালান ক্লাবটি। হান্সি ফ্লিকের দলের এমন দাপুটে পারফরম্যান্সে অভিভূত আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আট ম্যাচের সবকটিই জিতেছে বার্সেলোনা। আর এই পথচলায় তারা গোল করেছে মোট ৩৬টি, যার ৩১টি লা লিগায় ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগে। আট ম্যাচের পাঁচটিতেই অন্তত পাঁচটি করে গোল করেছে তারা।

লা লিগায় সাত রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুইবারের চ্যাম্পিয়ন দলটি। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো।

ঘরের মাঠে রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে আতলেতিকোর ২-১ গোলে জয়ের পর, বার্সেলোনা সম্পর্কে জানতে চাওয়া হলে নিজের ভাবনা তুলে ধরেন সিমেওনে।

“সত্যি বলতে, তারা অসাধারণ খেলছে। মনে হচ্ছে, যেন তারা অন্য কোনো খেলা খেলছে- আমরা যে খেলাটি খেলি, তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি খেলা।”

বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা হাফিনিয়া ও লামিন ইয়ামালেরও ভূয়সী প্রশংসা করেন আতলেতিকো কোচ।

“তাদের দলে আসলে কোনো প্রথাগত নাম্বার নাইন ছিল না, কিন্তু এরপর হাফিনিয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল এবং সাত ম্যাচে ১২টি গোল করেছে সে। আমার ভুল না হলে, ইয়ামালের গোল সংখ্যা সাতটি।

“সংখ্যাগুলো অবিশ্বাস্য; তারা মাঠে ওপরে উঠে প্রতিপক্ষকে চাপ দেয়, তারা বল পায়ে থাকা অবস্থায় (প্রতিপক্ষকে) সময় ও জায়গা দেয় না এবং ঝুঁকি নিতে ভয় পায় না- এমনকি গোল হজম করার ঝুঁকি থাকলেও। মনে হয় গোল খাওয়াটা তাদের আরও বিপজ্জনক করে তোলে, কারণ তারা আসলে প্রতিপক্ষের চেয়ে অনেক ভালো দল। এই মুহূর্তে, পারফরম্যান্সের বিচারে তারাই লিগের সেরা দল।”

এবারের লা লিগায় সর্বোচ্চ ১২টি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেছেন হাফিনিয়া। হ্যাটট্রিক করেছেন তিনি সবশেষ দুই ম্যাচে। ‘পিচিচি’ (লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) ট্রফি জয়ের লড়াইয়ে ইয়ামাল, কিলিয়ান এমবাপে ও সের্হিও কামেয়োর চেয়ে পাঁচটি করে গোল এগিয়ে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে হাফিনিয়ার গোল ১৪টি। সমান ম্যাচে আট গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ইয়ামাল।