টিনএজার নুগোমোহার পারফরম্যান্সে মুগ্ধ লিভারপুল কোচ
আর্না স্লটের বিশ্বাস, অ্যাওয়ে ম্যাচে এমন পারফরম্যান্স ১৭ বছর বয়সী এই ফুটবলারের আত্মবিশ্বাস বাড়াবে।
গোল খরায় দীর্ঘদিন কাটানোর পর টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন মোহামেদ সালাহ। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে তিন দিন আগের পরাজয়ের ক্ষতে প্রলেপও দিতে পারল দল। তবে, এই সবকিছুর মাঝে লিভারপুল কোচ আর্না স্লট বিশেষ করে বললেন রিও নুগোমোহার কথা। এই তরুণ ইংলিশ ফুটবলারের পারফরম্যান্সে খুব খুশি তিনি।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে শুক্রবার রাতে উলভস নামে পরিচিত দলটিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার এই দলের মাঠেই ২-১ ব্যবধানে হেরে যায় স্লটের দল।
তবে দলটির বিপক্ষে এবার কাপ টুর্নামেন্টের লড়াইয়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য করে জিতেছে লিভারপুল। উলভসের বিপক্ষে সবশেষ দুই ম্যাচেই একটি করে গোল করলেন সালাহ।
এই ম্যাচেই শুরুর একাদশে নেমে ৬৯ মিনিট মাঠে ছিলেন নুগোমোহা। ম্যাচের শুরুর দিকেই প্রতিপক্ষ গোলরক্ষকের কঠিন পরীক্ষা নেন তিনি। যতক্ষণ মাঠে ছিলেন, পুরোটা সময়ই প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন ১৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৮টি ম্যাচ খেললেন নুগোমোহা, এর মধ্যে কেবল চারটিতে শুরুর একাদশে।
নুগোমোহার মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্স নিয়ে বিবিসি স্পোর্টকে স্লট বলেন, “এটা স্পেশাল, কারণ প্রিমিয়ার লিগের দুটি দলের মুখোমুখি লড়াইয়ে যদি ১৭ বছর বয়সী একজন প্রভাব ফেলতে পারে, তাহলে এতেই প্রমাণ হয় যে, সে কতটা ভালো খেলোয়াড়।”
“তবে প্রতিবার নিজেকে এভাবে মেলে ধরা তার ওপরই নির্ভর করছে। অ্যাওয়ে ম্যাচের এই পারফরম্যান্সে তার সাহস অনেক বৃদ্ধি পাওয়ার কথা।”
পরের ম্যাচে আগামী ১৫ মার্চ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি লিভারপুল।
