Published : 18 Aug 2026, 04:38 PM
একরকম বাধ্য হয়েই দলের রক্ষণভাগে নতুন মুখ যোগ করতে হয়েছে লিভারপুলকে। নতুন মৌসুম শুরুর আগে যা তাদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক ভার্জিল ফন ডাইক যেমন সরাসরি বলে দিলেন, পুনর্গঠিত এই রক্ষণভাগের প্রত্যাশিত ফল দিতে কিছুটা সময় লাগবে।
তবে, দলে নতুন আসা রোনাল্দ আরাউহো ও জুরেমি জেকের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা নেই ফন ডাইকের মনে। এই ডাচ ডিফেন্ডারের চোখে, তার নতুন দুই সতীর্থ ‘ভালো খেলোয়াড়।’
ফরাসি সেন্টার-ব্যাক ইব্রাহিমা কোনাতে ও স্কটিশ ফুলব্যাক অ্যান্ড্রু রবার্টসন এবারের গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ায় এবং আরেক ডিফেন্ডার জো গোমেজের চোটে নড়বড়ে হয়ে পড়েছে লিভারপুলের রক্ষণ। ফলে রক্ষণভাগ নতুন করে সাজাতে হয়েছে দলটিকে।
বার্সেলোনা থেকে উরুগুয়ের ডিফেন্ডার আরাউহোকে এক মৌসুমের জন্য ধারে দলে টেনেছে মার্সিসাইড ক্লাবটি। আর গত ফেব্রুয়ারিতে চুক্তিভুক্ত ফরাসি তরুণ সেন্টার-ব্যাক জেকে যোগ দিয়েছেন এই গ্রীষ্মে।
গত রোববার ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে প্রীতি ম্যাচে এই দুইজনই মাঠে নামেন। অ্যানফিল্ডে সেদিন ২-০ ব্যবধানে জয়ের পথে জেকে একটি গোলও করেন।
নতুন সতীর্থদের সঙ্গে কীভাবে শক্ত জুটি গড়ে তুলবেন, সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে ফন ডাইক বলেন, “ম্যাচ খেলে। আমি বলব না যে এটাই একমাত্র উপায়, তবে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা অনেক বেশি কাজে দেয়।
“অবশ্যই, জুরেমির ইংলিশ রোনাল্দের চেয়ে একটু ভালো, তবে আমরা সবাই বেশ ভালো ফুটবলার এবং ম্যাচের কিছু মুহূর্ত আমরা বুঝতে পারি, ওই বিশেষ পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সেটা বুঝতে পারি।”
তবে, রক্ষণভাগকে শক্তিশালী করে তুলতে সময় লাগবে বলেও জানিয়ে দিলেন ফন ডাইক।
“এটা পরিষ্কার যে, নিজেদের মধ্যে একটা বোঝাপড়া গড়তে হবে এবং এজন্য একটু সময় লাগবে। তবে, আমার মতে এটা খুব স্বাভাবিক। আশা করি, সম্ভাব্য দ্রুত সময়ে আমরা এটা করতে পারব।”
গত মৌসুমে লিগ টেবিলে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করা লিভারপুল এবারের প্রিমিয়ার লিগে অভিযান শুরু করবে আগামী রোববার, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।