আলপি, ঋতুপর্ণা, পায়েল ও শিলার হ্যাটট্রিক
পয়েন্ট টেবিলে তিন দলের মধ্যে চলছে তুমুল লড়াই।
উইমেন’স ফুটবল লিগে গোল উৎসব চলছেই। নবম রাউন্ডে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আলপি আক্তার, ঋতুপর্ণা চাকমা, পায়েল রানী, শিলা আক্তার। জালের দেখা পেয়েছেন মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়ররাও। শক্তিশালী দলগুলো পেয়েছে প্রত্যাশিত জয়। তাতে লিগ টেবিলেও জমে উঠেছে দারুণ লড়াই।
শীর্ষস্থান নিয়ে লড়াই মূলত চলছে তিন দলের মধ্যে। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী স্টার্স। আগের রাউন্ডে রাজশাহীর কাছে হেরে যাওয়া ফরাশগঞ্জ এই রাউন্ডে জিতে ২১ পয়েন্ট নিয়ে ফিরেছে শিরোপা লড়াইয়ে, গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় শিরোপাধারী নাসরিন একাডেমি। যথারীতি এ ম্যাচেও গোলবন্যায় ভেসে ৯-২ ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
এদিন অবশ্য নাসরিন একাডেমির শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। পপি রানী ও পুজা রানীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপরই খেই হারিয়ে উল্টো পথে ছোটা শুরু দলটির।
২০তম মিনিটে সদ্যপুস্কুরিনীকে প্রথম গোল এনে দেওয়ার পর, ৮৭ ও ৮৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন পায়েল। হ্যাটট্রিকের আলো ছড়ান শিলাও। এছাড়া জান্নাতুল ফেরদৌস ঝিনুক, সিনহা আয়াত ও রুমা আক্তার একবার করে জালের দেখা পান।
দ্বিতীয় ম্যাচে সিরাজ স্মৃতি সংসদকে গোলের মালা পরিয়েছে রাজশাহী স্টার্স। তাদের ১৩-০ ব্যবধানের জয়ে আলপি আক্তার একাই করেছেন পাঁচ গোল। ঋতুপর্ণা চাকমা উপহার দিয়েছেন হ্যাটট্রিক। এছাড়া শাহেদা আক্তার রিপা, দিপা শাহী দুইবার করে এবং মুনকি আক্তার একবার জালের দেখা পেয়েছেন।
দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের লড়াই হয়েছে জমজমাট। গোলশুন্য প্রথমার্ধের পর মনিকা চাকমার ৫৬তম মিনিটের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। এই জয়ে শিরোপা লড়াইয়েও ভালোভাবে ফিরেছে ফরাশগঞ্জ।
চতুর্থ ম্যাচেও গোল হয়েছে মুড়িমুড়কির মতো। ঢাকা রেঞ্জার্সকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।
