Published : 22 Aug 2026, 03:01 PM
ক্যারিয়ারে এবার নতুন চ্যালেঞ্জ নিলেন কার্টিস জোন্স। শৈশবের ক্লাব লিভারপুল থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।
২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাবটি। তার ট্রান্সফার ফি বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, তাকে পেতে ইন্টারের খরচ প্রায় সাড়ে তিন কোটি ইউরো, বিভিন্ন পারফরম্যান্স বোনাসসহ।
৯ বছর বয়সে লিভারপুলের একাডেমিতে যোগ দেন জোন্স। পরে ২০১৮-১৯ মৌসুমে সিনিয়র ফুটবলে অভিষেকের পর থেকে ক্লাবটির মূল দলের হয়ে মোট ২২৮টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ২২টি।
লিভারপুলের জার্সিতে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগসহ মোট ৬টি মেজর ট্রফি জিতেছেন জোন্স।
ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৯টি ম্যাচ খেলেন জোন্স, যদিও লিভারপুলের শুরুর একাদশে জায়গা পাকা করতে পারেননি তিনি।
গত মৌসুমের সেরি আ চ্যাম্পিয়ন ইন্টার নতুন মৌসুমের আগে দলের শক্তি বাড়াচ্ছে। এবারের গ্রীষ্মে ইংল্যান্ড জাতীয় দলের আরও দুইজনকে দলে টেনেছে তারা, জন স্টোন্স ও জেড স্পেন্স।