১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার ‘পাগলাটে’ রক্ষণে বাকরুদ্ধ শিয়েরার

“যেন চার জন ইডিয়ট সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ‘তোমরা কিভাবে গোল করতে চাও, বন্ধুরা?”- বার্সেলোনার রক্ষণের সমালোচনায় বলেছেন ইংলিশ গ্রেট।

বার্সেলোনার ‘পাগলাটে’ রক্ষণে বাকরুদ্ধ শিয়েরার
অ্যালান শিয়েরার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

চেলসির বিপক্ষে বার্সেলোনার হাই-লাইন রক্ষণের তীব্র সমালোচনা করেছেন ইংলিশ গ্রেট অ্যালান শিয়েরার। তার মতে, যে অফসাইড ফাঁদ পেতেছিল লা লিগা চ্যাম্পিয়নরা, তা স্রেফ পাগলামি।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

চেলসির দাপুটে ফুটবলে ম্যাচ জুড়েই কোণঠাসা হয়ে ছিল হান্সি ফ্লিকের দল। জুল কুন্দের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর রোনাল্দ আরাউহোর লাল কার্ডে প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় স্প্যানিশ দলটি। দ্বিতীয়ার্ধে এস্তেভোঁর দারুণ গোলের পর ব্যবধান বাড়ান লিয়াম ডেলাপ।

এছাড়া আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠায় স্বাগতিকরা, তবে অফসাইড ও হ্যান্ডবলের কারণে গোল পায়নি।

অ্যামাজন প্রাইম-এ আলোচনায় শিয়েরার বলেন, বার্সেলোনার হাই-লাইন রক্ষণের কারণে কাজটা সহজ হয়ে গিয়েছিল চেলসির।

“তারা (বার্সেলোনা) বারবার এই কাজটা করে চলেছে। চেলসির জয় প্রাপ্য ছিল, তারা তা নিখুঁতভাবে করেছে।”

“যেন চার জন ইডিয়ট সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ‘তোমরা কিভাবে (গোল) করতে চাও, বন্ধুরা? চেলসির জন্য কাজটা কতটা সহজ ছিল এবং বার্সা মাঝে মাঝে কতটা পাগলাটে খেলে, তা দেখে আমি বাকরুদ্ধ। আমার জীবনে অনেক অফসাইড ট্র্যাপ দেখেছি, কিন্তু এটা সত্যিই পাগলামি।”