Published : 15 Sep 2026, 06:02 PM
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় নতুন ক্লাবে নাম লেখালেন ফিলিপে কৌতিনিয়ো। স্বদেশের ক্লাব সান্তোসে যোগ দিলেন তিনি, যেখানে খেলেন নেইমার।
একসময়ের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনিয়োর সঙ্গে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য চুক্তি করেছে ব্রাজিলের ক্লাবটি।
ক্যারিয়ারের সোনালী সময়ে লিভারপুলে পাঁচ বছর খেলে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেন কৌতিনিয়ো। কাতালান ক্লাবটিতে নিজের সেরা সময়ে খেলেছিলেন নেইমার, তবে সেখানে এই দুই ব্রাজিলিয়ানের একসঙ্গে খেলা হয়নি। কারণ, ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি।
৩৪ বছর বয়সী কৌতিনিয়োর ড্রেসিং রুমে প্রবেশের এবং নেইমার তাকে স্বাগত জানাচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশ করেছে সান্তোস। একসময়ের জাতীয় দলের সতীর্থকে নিজ ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত গত বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় জানানো নেইমার।
ওই ভিডিওতে কৌতিনিয়োর উদ্দেশে নেইমারকে বলেন, “এটা যদি স্বপ্ন হয়ে থাকে, তাহলে আমি ঘুম ভেঙে উঠতে চাই না।”
ক্লাব ফুটবলে আগে কখনও একসঙ্গে খেলেনি এই দুই তারকা ফুটবলার।
জাতীয় দলের হয়ে কৌতিনিয়ো সবশেষ খেলেছেন ২০২২ সালে। ২০২৪ সালে শৈশবের ক্লাব ভাস্কো দা গামায় যোগ দেন তিনি। গত জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হয়।