বেলিংহ্যাম-এমবাপের গোলে রেয়ালের তিনে তিন
একপেশে ম্যাচে মালাগাকে সহজেই হারাল জোসে মরিনিয়োর দল।
আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই মালাগাকে চেপে ধরল রেয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপের নৈপুণ্যে প্রথম ত্রিশ মিনিটে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে এলো জোসে মরিনিয়োর দল। দাপুটে ফুটবলে নতুন মৌসুমে ইউরোপের সফলতম দলটি পেল টানা তৃতীয় জয়।
লা লিগায় রোববার ৪-০ গোলে জিতেছে রেয়াল। জালের দেখা পেয়েছেন বেলিংহ্যাম, এমবাপে ও আর্দা গিলের। অন্য গোলটি আত্মঘাতী।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম মিনিটেই সুযোগ পায় রেয়াল। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
ষোড়শ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল প্রায় পেয়েই যাচ্ছিল মালাগা। তবে ডি বক্সের বাইরে থেকে ইয়োহিন মুনিয়োসের বাঁকানো শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
তিন মিনিট পর বেলিংহ্যামের নৈপুণ্যে এগিয়ে যায় রেয়াল। ডি বক্সের বাইরে বল পেয়ে চ্যালেঞ্জ জানাতে আসা খেলোয়াড়কে পেছনে ফেলে ভেতরে ঢুকে যান ইংলিশ মিডফিন্ডার। আরও দুই জনের চ্যালেঞ্জ এড়িয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি।
২৬তম মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে মালাগা। বেলিংহ্যামের হেড ফেরাতে শট নেন কার্লোস পুগা। তার ঠিক সামনে থাকা গোলরক্ষক আলফন্সো এররেরোর গায়ে লেগে বল চলে যায় জালে!
তিন মিনিট পর স্কোর লাইন ৩-০ করে ফেলেন এমবাপে। অ্যালেক্সজ্যান্ডার-আর্নল্ডের কাটব্যাকে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন ফরাসি তারকা। আসরে তার গোল হলো চারটি। আগের ম্যাচেই তিনি করেন হ্যাটট্রিক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাড়তে পারত ব্যবধান। ৫৫তম মিনিটে বেলিংহ্যামের গতিময় শট ফেরে ক্রসবারে লেগে। দুই মিনিট পর অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের শট ব্যর্থ করে দেন মালাগা গোলরক্ষক।
৫৯তম মিনিটে খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি এমবাপে। নয় মিনিট পর ঠিকঠাক শট করতে পারেননি বেলিংহ্যাম।
এরপর কমে যায় স্বাগিতকদের আক্রমণের ধার। শেষ দিকে তাদের রক্ষণে বেশ চাপ তৈরি করে মালাগা।
৮৫তম মিনিটে মালাগার একটি ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হেড লাগে ইয়ান ডিওমান্ডের হাতে। পেনাল্টি দেন রেফারি। তবে পরে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদল করেন তিনি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান বাড়ান একটু আগে বদলি নামা গিলের। গোলে অবশ্য দারুণ অবদান ভিনিসিউস জুনিয়রের। পায়ের কারিকুরিতে বাইলাইনে এগিয়ে গিয়ে চমৎকার ক্যাট ব্যাক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাকিটা অনায়াসে সারেন অরক্ষিত গিলের।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রেয়াল।
