Published : 21 Aug 2025, 09:36 PM
প্রশ্ন শেষ না হতেই লাজুক হাসিতে মুখ লুকানোর চেষ্টা করলেন জুল কুন্দে। প্রশ্নটিই এমন যে, উত্তর দেওয়াটা তার জন্য একটু কঠিনই। পরে সেটা ফুটে উঠল তার কণ্ঠেও।
বার্সেলোনার ফরাসি ডিফেন্ডারের কাছে প্রশ্ন ছিল এবারের ব্যালন দ’র কার প্রাপ্য বলে মনে করেন তিনি- তার ক্লাব সতীর্থ লামিনে ইয়ামাল নাকি জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। বৃহস্পতিবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির পর ২৬ বছর বয়সী কুন্দে তুলে ধরেন তার ভাবনা।
“আমাকে বিপদে ফেলে দিলেন (হাসি)। তবে আমি বিনয়ীভাবে বলতে চাই যে, এটা তার (ইয়ামাল) প্রাপ্য। হ্যাঁ, তার প্রাপ্য। এটাও সত্যি যে, অন্যান্য খেলোয়াড়ও আছে, যারা ভালো একটি মৌসুম কাটিয়েছে।”
গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড দেম্বেলে। একই মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জয়ের জন্য সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে এই দুজনকেই।
বার্সেলোনায় চুক্তির মেয়াদ বাড়ানোর কথা গত মাসে নিজেই নিশ্চিত করেছিলেন কুন্দে। কাম্প নউয়ে বৃহস্পতিবার সেরে ফেলা হয়েছে আনুষ্ঠানিকতা। কাতালান ক্লাবটিতে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। সেটি বেড়ে হয়েছে ২০৩০ পর্যন্ত।

২০২২ সালে তখনকার কোচ শাভি এর্নান্দেসের হাত ধরে বার্সেলোনায় পা রাখেন কুন্দে। স্প্যানিশ দলটির হয়ে এখন পর্যন্ত তিনি ১৪২ ম্যাচ খেলে ৭ গোল করার পাশাপাশি ১৮ গোলে সহায়তা করেছেন। ধারাবাহিক পারফরম্যান্সে দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক হয়ে উঠেছেন।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল কুন্দের। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছিল ইন্টার মিলানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে। এবার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যের কথা শোনালেন কুন্দে।
“প্রতিবার মৌসুম শুরুর সময় আমরা লক্ষ্য নির্ধারণ করি। যখন বার্সায় থাকবেন এবং যেমন দল আমাদের আছে ও গত মৌসুম আমাদের যেমন কেটেছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগ লক্ষ্য হওয়া উচিত, তবে আমরা এতে বিভোর নই।”