০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টাইন কোচের জায়গায় আরেক আর্জেন্টাইনকেই দায়িত্ব দিল একুয়েডর

আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ প্রথমবার দায়িত্ব নিচ্ছেন কোনো জাতীয় দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 12:46 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সেবাস্তিয়ান বেকাসেসের অধ্যায় শেষ হয়েছে আড়াই মাস আগে। একুয়েডরের কোচ হিসেবে এবার শুরু হচ্ছে মার্সেলো গাইয়ার্দোর পথচলা। সাবেক ও বর্তমান কোচের পরিচয় একটি জায়গায় একই সুতোয় গাঁথা, দুজনই আর্জেন্টাইন।

একুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গাইয়ার্দোর নাম। ৫০ বছর বয়সী কোচের চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

এবারের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দেওয়া একুয়েডর দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর কাছে হেরে বিদায় নেয়। এরপর পদত্যাগ করেন কোচ বেকাসেসে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন গাইয়ার্দো।

ফুটবল বিশ্বে গাইয়ার্দো খুব পরিচিত নাম না হলেও দক্ষিণ আফ্রিকার ক্লাব ফুটবলে তিনি বড় নাম এবং সফল কোচ। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। স্বদেশি ক্লাব রিবার প্লেইতে ক্যারিয়ার শুরু করে ইউরোপে খেলেছেন মোনাকো ও পিএসজির মতো ক্লাবে। যুক্তরাষ্ট্রে খেলেছেন ডি.সি. ইউনাইটেডে।

২০১১ সালে নাসিওনাল মেন্তেভিদেওতে ক্যারিয়ার শেষ করে ওই বছরই উরুগুয়ের ক্লাবটির হয়ে তার কোচিং ক্যারিয়ারের শুরু। প্রথম মৌসুমেই তার কোচিংয়ে লিগ শিরোপা জেতে দলটি। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত টানা ছিলেন রিবার প্লেইতের দায়িত্বে। এরপর এক মৌসুম আল-ইত্তিহাদে কাটিয়ে ২০২৪ সালে আবার ফেরেন রিবার প্লেইতে। সেখান থেকে পদত্যাগ করেন গত ফেব্রুয়ারিতে।

তার দুই দফার কোচিংয়ে ১৫টি ট্রফি জিতেছে রিবার প্লেইত, এর মধ্যে আছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের দুটি শিরোপা। দক্ষিণ আমেরিকার বর্ষষেরা কোচ হয়েছেন ২০১৮ থেকে টানা তিন বছর। জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিলেন তিনি প্রথমবার। 

একুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ক্লাব ফুটবলের সফল কোচ তাদের জাতীয় দলকেও পরের ধাপে নিতে পারবে বলে বিশ্বাস রাখছে তারা। 

“মার্সেলো গাইয়ার্দো যা কিছু জিতেছেন, কিন্তু সর্বোপরি তিনি যা কিছুর প্রতিনিধিত্ব করেন, সবকিছুর জন্যই আমরা তাকে চেয়েছি। আমাদের এমন একটি প্রজন্ম আছে, যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করছে। আমাদের প্রতিভা, কাঠামো এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা বিশ্বাস করি, তার কোচিংয়ে এই জাতীয় দল পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।”

আগামী ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে নতুন দায়িত্বে গাইয়ার্দোর আনুষ্ঠানিক যাত্রা।