১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২০২৭ নারী বিশ্বকাপ: শুরু ও শেষ মারাকানায়

ইতিহাসের তৃতীয় স্টেডিয়াম হিসেবে মারাকানায় পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 09:34 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আগামী বছর অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। ৩২ দলের এই টুর্নামেন্টের সূচি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। 

এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। ২০২৭ সালের ২৪ জুন স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। চলবে ২৫ জুলাই পর্যন্ত। 

একই মাঠে হবে ফাইনাল। যে আঙিনায় ১৯৫০ সালে পুরুষ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরে হৃদয় ভেঙেছিল ব্রাজিলিয়ানদের।

নারী বিশ্বকাপের দশম আসরের ম্যাচগুলো হবে মোট আটটি শহরে। প্রতিটি শহরে অন্তত সাতটি করে ম্যাচ হবে, এবং কমপক্ষে একটি করে নকআউট পর্বের ম্যাচ হবে, নিশ্চিত করেছে ফিফা। 

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদোর শেষ ষোলোর ম্যাচ আয়োজন করবে এবং বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও দে জেনেইরো ও সাও পাওলোয় হবে কোয়ার্টার-ফাইনালের ম্যাচ।

সাও পাওলো ও রিওতে হবে সেমি-ফাইনাল। 

স্টকহোমের রাসুন্দা স্টেডিয়াম ও পাসাদেনার রোজ বোলের পর, ইতিহাসের কেবল তৃতীয় স্টেডিয়াম হিসেবে মারাকানায় পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল হবে।

চূড়ান্ত সূচি এ বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে আগের ৯ আসরে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। 

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গতবার তারা একের পর এক চমক জাগিয়ে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে।

পুরুষ ফুটবলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মেয়েদের ফুটবলে এখনও বিশ্বকাপ জিততে পারেনি। ২০০৭ আসরে রানার্সআপ হওয়া তাদের সর্বোচ্চ সাফল্য।