১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সবাইকে ‘ভুল প্রমাণ করতে পেরে’ খুশি পালমার

পিএসজিকে হারিয়ে শিরোপা জিততে পেরে একটু বেশিই ভালো লাগছে ক্লাব বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার জেতা এই ইংলিশ মিডফিল্ডারের।

সবাইকে ‘ভুল প্রমাণ করতে পেরে’ খুশি পালমার
টুর্নামেন্ট সেরা খেলোয়াডের পুরস্কার গোল্ডেন বল হাতে কোল পালমার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে মৌসুমে ট্রেবল জয়ী পিএসজির বিপক্ষে চেলসির তেমন সম্ভাবনা দেখেননি কেউ। কিন্তু সেই দলটিই উপহার দিয়েছে চোখধাঁধানো পারফরম্যান্স। ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ঘরে তুলে সবাইকে ভুল প্রমাণ করতে পেরে ভীষণ খুশি চেলসির জয়ের নায়ক কোল পালমার। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজিকে স্রেফ গুঁড়িয়ে দেয় চেলসি। চমৎকার পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি তুলে নেয় ৩-০ ব্যবধানের বড় জয়।

নিউ জার্সিতে এদিন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রচণ্ড গরমের মধ্যেও যেন শীতল ছিলেন পালমার। ঠাণ্ডা মাথায় আট মিনিটের মধ্যে দুই গোল করে একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন ইংলিশ মিডফিল্ডার।

জোয়াও পেদ্রোর করা চেলসির তৃতীয় গোলেও জড়িয়ে পালমারের নাম। তার দুর্দান্ত অ্যাসিস্ট থেকেই জালে বল পাঠান পেদ্রো।

ফাইনালের সেরা তো বটেই, টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জিতে নিয়েছেন ২৩ বছর বয়সী পালমার। আসরে ৬ ম্যাচে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

গত মে মাসে কনফারেন্স লিগের ফাইনালে রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারায় চেলসি। দুটি গোলে অ্যাসিস্ট করে ওই ম্যাচেও সেরার পুরস্কার জিতে নেন পালমার। বড় মঞ্চে আরও একবার নিজেকে মেলে ধরতে পেরে আনন্দের যেন শেষ নেই তার। ডিএজেডএনকে বললেন, সেই অনুভূতির কথা।

“আমি ফাইনাল ম্যাচ পছন্দ করি। আরও একবার ফাইনালে ভালো করতে পেরেছি।”

পরে পালমার তুলে ধরলেন ফাইনালে সবাইকে ভুল প্রমাণ করতে পারার সন্তুষ্টির কথা।

“এই জয়ের অনুভূতি চমৎকার। বেশি ভালো লাগছে কারণ ম্যাচের আগে কেউ আমাদের সম্ভাবনা দেখেনি, আমরা সেটা জানি। আমরা যেভাবে লড়াই করেছি, দারুণ ছিল।”

পালমারের পারফরম্যান্সে মুগ্ধ চেলসির কোচ এন্টসো মারেস্কা। তবে দলের বাকিদেরও কৃতিত্ব দিলেন তিনি।

“এই ম্যাচগুলোয় আমরা কোল পালমারের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করি এবং আরও একবার সে নিজের সামর্থ্য দেখিয়েছে। অবশ্যই কোল খুবই ভালো খেলেছে, তবে সব খেলোয়াড়ের প্রচেষ্টা ছিল অসাধারণ।”