১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজের প্রথম গোল ও দলের তিন পয়েন্টে উচ্ছ্বসিত মার্মাউশ

পাঁচ মাস পর লিগ ম্যাচে শুরুর একাদশে নেমে আসরে প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

নিজের প্রথম গোল ও দলের তিন পয়েন্টে উচ্ছ্বসিত মার্মাউশ
গোলের পর ওমার মার্মাউশের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 08:13 AM

Updated : 26 Aug 2026, 02:47 PM

প্রায় পাঁচ মাস পর লিগ ম্যাচে সুযোগ পেলেন শুরুর একাদশে। উপলক্ষটা রাঙাতে বেশি সময় নিলেন না ওমার মার্মাউশ। শুরুতেই গোল করে পথ দেখালেন দলকে। নিজের গোলের সঙ্গে যোগ হলো দলের জয়। দুই প্রাপ্তিতে খুবই খুশি মিশরের এই ফরোয়ার্ড। 

প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে অনায়াসে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

ষষ্ঠ মিনিটে মার্মাউশ দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান অ্যান্টোয়ান সেমেনিও।

এই ম্যাচ দিয়ে গত ৩১ অগাস্টের পর প্রথমবার লিগে শুরুর একাদশে জায়গা পান মার্মাউশ। চলতি আসরে ১১ ম্যাচ খেলে প্রথম গোল করলেন তিনি। 

জাতীয় দলের হয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে অংশ নেওয়ার কারণে লিগে সিটির আগের ছয় ম্যাচে তিনি খেলতে পারেননি। সেখান থেকে ফিরে প্রথমবার লিগ ম্যাচে মাঠে নেমেই দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী ফুটবলার।   

“গোল করা ও দলকে সাহায্য করা গুরুত্বপূর্ণ। আফ্রিকা কাপ অব নেশন্সের পর এখানে খেলতে ও আমার দলকে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি। গোলের জন্য ও তিন পয়েন্টের জন্য খুশি।”

এই ম্যাচের আগে লিগে টানা চার ম্যাচে জয়হীন ছিল সিটি। টানা তিন ড্রয়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হেরেছিল পেপ গুয়ার্দিওলার দল। এর মাঝে লিগ কাপ ও এফএ কাপে দুটি জয় পেলেও, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বুদে/গ্লিম্টের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় তারা।

সেই ধাক্কা সামলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে কোচের চাওয়া পূরণ করতে পেরে খুশি মার্মাউশ। 

“আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, শুরু থেকেই খুব ভালো মানসিকতা দেখিয়েছি। তিনি (পেপ গুয়ার্দিওলা) চেয়েছিলেন আমরা যেন নিজেদের উজাড় করে দিই এবং প্রতি মুহূর্তে বলের জন্য লড়াই করি।”