‘ভয়ঙ্কর’ ইউভেন্তুসকে নিয়ে সতর্ক রেয়াল মাদ্রিদ
জয়ের পথ হারিয়ে ফেলা ইতালিয়ান ক্লাবটিকে হালকাভাবে নিতে নারাজ ইউরোপের সফলতম ক্লাবটির কোচ শাবি আলোন্সো।
মাঠে সময়টা একদমই ভালো কাটছে না ইউভেন্তুসের। এক মাসের বেশি সময় ধরে কোনো প্রতিযোগিতায় জয়ের স্বাদ পায়নি তারা। ‘ক্ষুধার্ত’ ইতালিয়ান ক্লাবটিকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের প্রতিপক্ষ।
ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে রেয়াল। লা লিগায় ৯ ম্যাচের ৮টি জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলা দুই ম্যাচই জিতে স্প্যানিশ ক্লাবটি এখন পয়েন্ট তালিকার দুইয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচে যাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেয়াল, সেই ইউভেন্তুস দীর্ঘদিন ধরে আছে জয়ের খোঁজে। তাদের সবশেষ জয় সেপ্টেম্বরের শুরুতে সেরি আয়, ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে।
এরপর লিগে ৪ ম্যাচ খেলে তিনটিতে ড্র ও একটিতে হেরেছে ইউভেন্তুস। ৭ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে আছে দলটি।
চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ড (৪-৪) ও ভিয়ারেয়ালের (২-২) বিপক্ষে ড্র করেছে ইউভেন্তুস। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই প্রতিযোগিতায় তাদের অবস্থান ২৩তম।
তবে রেয়ালের বিপক্ষে ইউভেন্তুসের পরিসংখ্যান খারাপ নয়। চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে ৯ ম্যাচে জিতেছে তারা, হেরেছে ১০টিতে, দুটি হয়েছে ড্র।
এই প্রতিযোগিতায় তাদের সবশেষ দেখা হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে। শেষ আটের প্রথম লেগে রেয়ালের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছিল ইউভেন্তুস।
পুরনো পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শাবি বললেন, ইউভেন্তুসকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না তিনি।
“আগামীকালের প্রতিপক্ষ ইউভেন্তুসকে নিয়ে আমরা সতর্ক। ভোগান্তির মধ্যে আছে এমন যেকোনো ইতালিয়ান দলই ভয়ঙ্কর হতে পারে। ইতিহাস ভুলে গেলে চলবে না। তারা বড় ক্লাব, আগেও যেমন ছিল, এখনও তাই। তাদের কয়েকজন খুব ভালো খেলোয়াড় আছে।”
“এটা ইউরোপিয়ান ক্লাসিক। দল দুটি (রেয়াল ও ইউভেন্তুস) অনেকবার পরস্পরের মুখোমুখি হয়েছে। আমিও এই ম্যাচগুলোর কয়েকটি খেলেছি। আমরা চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় জয় পেতে চাই এবং দুর্দান্ত শুরু করতে চাই।”
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ড্রয়ের পর, গত রোববার কোমোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় ইউভেন্তুস। মৌসুমে এটাই তাদের প্রথম পরাজয়। ঘুরে দাঁড়ানোর অভিযানে হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে তুরিনের ক্লাবটি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে লড়াই।
