মেজর লিগে লেভানদোফস্কির জোড়া গোল
শিকাগো ফায়ারের জার্সিতে তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।
ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর প্রথমবার জালের দেখা পেলেন রবের্তো লেভানদোফস্কি। সাবেক বার্সেলোনা স্ট্রাইকারের জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) শার্লট এফসিকে হারাল শিকাগো ফায়ার।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে ২-১ গোলে জিতেছে শিকাগো। শার্লটের গোলদাতা পেপ বিয়েল।
বার্সেলোনার চার বছরের অধ্যায়ের পর জুনের শেষ দিকে ফ্রি এজেন্ট হিসেবে শিকাগোতে যোগ দেন লেভানদোফস্কি। দলটির হয়ে প্রথম দুই ম্যাচে জালের দেখা পাননি তিনি। তৃতীয় ম্যাচে এসে দলের জয়ের নায়ক পোলিশ স্ট্রাইকার।
ম্যাচের ১৮তম মিনিটে বিয়েলের গোলে পিছিয়ে পড়ে শিকাগো। দুই মিনিট পরই দলকে সমতায় ফেরান লেভানদোফস্কি। সতীর্থের হেডে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান ৩৭ বছর বয়সী ফুটবলার।
দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি। প্রতিআক্রমণে সতীর্থের থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই তারকা ফরোয়ার্ড।
১৭ রাউন্ড শেষে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে শিকাগো। এক ম্যাচ বেশি খেলা ন্যাশভিল ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে।
