বার্সেলোনার জন্য দুঃসংবাদ
হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
মৌসুমের শেষ ভাগের ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
বোস্টনে বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারা প্রীতি ম্যাচে অস্বস্তি অনুভব করায় প্রথমার্ধের পর রাফিনিয়াকে আর নামাননি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের করানো পরীক্ষায় এই তারকার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।
যথাযথ চিকিৎসা শুরু করার জন্য তিনি বার্সেলোনায় ফিরছেন। তার সেরে উঠতে আনুমানিক পাঁচ সপ্তাহ সময় লাগবে বলে ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে।
আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোনোটিতেই তিনি খেলতে পারবেন না। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চার ম্যাচে বাইরে থাকতে হবে তাকে।
আগামী ১০ মে ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তিনি ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
