১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪ বছরের চুক্তিতে বায়ার্নে জাপানিজ ডিফেন্ডার ইতো

আরেক জার্মান ক্লাব স্টুটগার্ট থেকে ঠিকানা বদলালেন হিরোকি ইতো।

৪ বছরের চুক্তিতে বায়ার্নে জাপানিজ ডিফেন্ডার ইতো
হিরোকি ইতো। ছবি: বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:26 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

নতুন মৌসুম সামনে রেখে রক্ষণে শক্তি বাড়াল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্ট থেকে জাপানিজ ডিফেন্ডার হিরোকি ইতোকে দলে টানল জার্মানির সফলতম দলটি।

২৫ বছর বয়সী ইতোর সঙ্গে চার বছরের চুক্তির কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় বায়ার্ন।

২০২৩-২৪ মৌসুমে বুন্ডেসলিগায় ২৬ ম্যাচ খেলেন ইতো। চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনের পেছনে থেকে লিগে রানার্সআপ হয় স্টুটগার্ট।

এই বছরের শুরুতে জাপানকে এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে তুলতেও অবদান রাখেন লেফট-ব্যাক ইতো।

বায়ার্নের জন্য এবার মৌসুমটা একদমই ভালো কাটেনি। এক দশকের বেশি সময় পর ঘরোয়া কিংবা ইউরোপিয়ান ফুটবলে কোনো ট্রফি না জিতেই মৌসুম শেষ করে তারা। মৌসুম শেষে কোচের দায়িত্ব ছাড়েন টমাস টুখেল। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ভিনসেন্ট কোম্পানিকে।

বায়ার্নে লেফট-ব্যাক পজিশনে জায়গা পেতে আলফুঁস ডেভিসের সঙ্গে লড়াই করতে হবে ইতোকে। যদিও কানাডার ডেভিসের রেয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন আছে। আলিয়াঞ্জ অ্যারেনায় তার চুক্তির মেয়াদ বাকি আছে এক বছর।