Published : 14 Jul 2025, 05:42 PM
সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রেয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ।
৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করা কথা সোমবার নিশ্চিত করেছে এসি মিলান। গণমাধ্যমের খবর, ক্রোয়াট অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সেরি আর ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এসি মিলান। সেখানে মদ্রিচ বলেন, “এখানে এসে আমি খুব খুশি এবং চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। কথা বলার জন্য আমরা অনেক সময় পাব।”
এবারের ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রেয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টটির সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। আর সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথচলাও।
রেয়ালের জার্সিতে ১৩ বছরের পথচলায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন মদ্রিচ।
অনেকদিন ধরেই মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কদিন আগে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে নিশ্চিত করেছিলেন, তাদের সঙ্গে চুক্তি করতে মদ্রিচের মৌখিকভাবে রাজি হওয়ার কথা।
নিউ জার্সিতে রোববারের ফাইনালে পিএসজিকে হারিয়ে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে চেলসি। পরদিনই এলো মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার খবর।