Published : 03 Jul 2026, 02:16 PM
কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বাধা পেরুনো পর্তুগালের সামনে এবার আরও বড় পরীক্ষা। শেষ ষোলোয় যে তাদের লড়তে হবে স্পেনের বিপক্ষে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন পর্তুগিজদের কোচ রবের্তো মার্তিনেস।
শেষ বত্রিশের নাটকীয় ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ক্রোয়াটদের ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
জমজমাট লড়াইয়ে ইভান পেরিসিচের গোলে শুরুতে পিছিয়ে পড়ে পর্তুগাল। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে তারা। পরে যোগ করা সময়ে গসালো রামোসের গোলে জয়ের উল্লাসে মাতে পর্তুগাল।
কোয়ার্টার-ফাইনালে উঠতে রোনালদোদের এবার টপকাতে হবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের বাধা। শেষ বত্রিশের লড়াইয়ে চমৎকার ফুটবল খেলে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গায় করে নিয়েছে স্প্যানিশরা। ১৬ বছর পর প্রথমবার বিশ্ব মঞ্চে কোনো নকআউট ম্যাচ জিতেছে তারা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও পর্তুগালের ম্যাচটিকে এবারের বিশ্বকাপের ইউরোপীয় দলগুলোর মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হিসেবে দেখছেন মার্তিনেস।
“আমরা স্পেনের মানকে সম্মান করি। আমার মনে হয়, অসাধারণ একটি ম্যাচ হবে, এই বিশ্বকাপে এটা ইউরোপীয়দের সবচেয়ে বড় লড়াই হবে।”
স্পেনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্য খুব একটা ভালো নয় পর্তুগালের। ১৮ ম্যাচে হারের বিপরীতে জিততে পেরেছে স্রেফ সাতটি। ড্র করেছে ১৬টি।
দুই দলের সবশেষ লড়াইয়ে যদিও শেষ হাসি হেসেছে পর্তুগালই। গত বছর নেশন্স লিগের ম্যাচে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছে তারা।