১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিতেই চলেছেন ঋতুপর্ণারা

আইয়ুওয়াডির বড় জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড।

জিতেই চলেছেন ঋতুপর্ণারা
আরেকটি জয়ের উচ্ছ্বাস ঋতুপর্ণাদের। ছবি: এএফসি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 06:10 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

দ্বিতীয়ার্ধে বদলি নামলেন ঋতুপর্ণা চাকমা। যোগ করা সময়ে দারুণ সুযোগও পেলেন, কিন্তু কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড। তবে, শেষ পর্যন্ত চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন তিনি। তার দল আইয়ুওয়াডি জিতল বড় ব্যবধানে।

মিয়ানমারের ইয়াংগুনে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে বৃহস্পতিবার লেবাননের দল নো লিমিটসকে আইয়ুওয়াডি উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

‘এফ’ গ্রুপে এ নিয়ে ঋতুপর্ণারা টানা দুই ম্যাচ জিতলেন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারান তারা।

প্রথম ম্যাচে শুরুর একাদশে নামলেও, এদিন শুরুতে বেঞ্চে ছিলেন ঋতুপর্ণা। ৬৪তম মিনিটে উই কাসাইয়ের বদলি হিসেবে তিনি যখন নামেন, তখন আইয়ুওয়াডি ৬-০ গোলে এগিয়ে।

যোগ করা সময়ে গোলের খাতা খোলার সুবর্ণ সুযোগ আসে ঋতুপর্ণার সামনে। উইন থিয়েংগি তুনের শট পোস্টে লেগে চলে যায় বক্সে ফাঁকায় থাকা ঋতুপর্ণার কাছে। বল ড্রপ খেয়ে একটু বেশি উঁচুতে ওঠায় তিনি লাফিয়ে বাম পা চালালেও ঠিকঠাক সংযোগ করতে পারেননি। বল চলে যায় বাইরে।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ঋতুপর্ণরা মুখোমুখি হবে নিউ তাইপে সিটি হাং ইউয়ানের।