Published : 29 Jan 2025, 08:43 PM
মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের বিরুদ্ধে আপিল করে সফল হয়েছে আর্সেনাল। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ডিসিপ্লিনারি কমিশন কার্ডটি বাতিল করে দিয়েছে। ফলে, এই ডিফেন্ডারের তিন ম্যাচের নিষেধাজ্ঞাও আর থাকছে না।
চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে বুধবার জিরোনার মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে দলের তরুণ ফুটবলারের এই শাস্তি উঠে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের ৪৩তম মিনিটে প্রতিপক্ষের বক্সের সামনে একজনকে ফাউল করেন লুইস-স্কেলি। সঙ্গে সঙ্গে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআরেও বহাল থাকে সিদ্ধান্ত।
১০ জনের দল নিয়েই ম্যাচটি ১-০ গোলে জেতে আর্সেনাল।
ম্যাচ শেষে কার্ডের ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আর্সেনাল কোচ আর্তেতা, “বিষয়টি এতটাই পরিষ্কার, আমি এটা (সিদ্ধান্ত নেওয়ার ভার) আপনাদের ওপরই ছেড়ে দেব। আমি খুবই ক্ষুব্ধ…এটা এতই স্পষ্ট যে, আমি মনে করি না আমার কথা বলার প্রয়োজন আছে।”
ওই কার্ডের কারণে, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির বিপক্ষে খেলতে পারতেন না লুইস-স্কেলি। এছাড়া লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও তাকে পেত না আর্সেনাল। তবে, এখন আর তার খেলতে কোনো বাধা নেই।
ওই কার্ডের বিরুদ্ধে আপিল করলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন আর্তেতা। শেষ পর্যন্ত রায় তাদের পক্ষে আসায় খুব খুশি তিনি।
ইউরোপ সেরার মঞ্চে লড়াইয়ে নামার আগে এই সুখবর দলকে বাড়তি অনুপ্রাণিত করবে বলেও মনে করেন আর্তেতা।
“সিদ্ধান্তটি হওয়ায় আমরা খুব খুশি। বিশেষ করে আজকেই খবরটি জানতে পারায় ভালো হয়েছে। এটা আমাদের সাহায্য করবে।”
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লন্ডনের ক্লাবটি।