১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ, আরও চান অধিনায়ক

নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক দলের খেলায় উন্নতির অনেক জায়গা দেখছেন।

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ, আরও চান অধিনায়ক
নেদারল্যান্ডসের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 04:08 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

নরওয়ের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান। তার মতে, যোগ্য দল হিসেবেই জয়ের স্বাদ পেয়েছেন তারা। একই ভাবনা অধিনায়ক ভার্জিল ফন ডাইকেরও। তবে আরও ভালো করার জায়গা দেখছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

আমস্টারডামে শুক্রবার প্রীতি ম্যাচটি ২-১ গোলে জেতে নেদারল্যান্ডস। আন্দ্রেয়াস শেইলদ্রুপের গোলে শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান ফন ডাইক। পরে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন টিজানি রেইন্ডার্স।

ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ডাচরা। ৪৮ শতাংশ পজেশন রাখা দলটি গোলের জন্য শট নিতে পারে ১৫টি, যার মধ্যে লক্ষ্যে ছিল সাতটি। আর গোলের উদ্দেশ্যে পাঁচটি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে নরওয়ে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা বলেন কুমান।

“খুবই শক্তিশালী দলের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলেছি আমরা। নরওয়ের বিপক্ষে খেললেই তাদের হারাতে হবে, ডাচদের এমন একটা ভাবনা রয়েছে। কিন্তু বিষয়টা ওইরকম (সহজ) নয়। বাছাইপর্বে তারা ইতালিকে দুইবার হারিয়েছে।”

“আমাদের বিপক্ষেও নরওয়ে কিছু সময় ভালো খেলেছে। তবে পুরো ম্যাচের দিকে তাকালে, আমার মনে হয় জয়ের যোগ্য আমরাই ছিলাম।”

নেদারল্যান্ডস এই ম্যাচে নিয়মিতদের কয়েকজনকে পায়নি। তবুও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। তবে এতে উচ্ছ্বাসের কিছু দেখছেন না ফন ডাইক।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ডাচরা নিজেদের শিরোপার দাবিদার মনে করে কি না, এমন প্রশ্নের উত্তর দেননি ফন ডাইক। সেখানে তিনি দলের যে আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে, সেটি তুলে ধরেন।

“এখনও অনেক কাজ করতে হবে। কিছু সময় খেলা ভালো হয়েছে আমাদের, তবে কিছু সময় খারাপও ছিল।”

“দ্বিতীয়ার্ধে মনে হয় আমরা ভালো খেলেছি। যার কারণ হতে পারে, তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত, আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছি। রক্ষণভাগেও আমরা দৃঢ়তা দেখিয়েছি। যোগ্য দল হিসেবেই আমরা জিতেছি এবং এখন সামনে এগিয়ে যেতে হবে।”

বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। আগামী মঙ্গলবার একুয়েডরের মুখোমুখি হবে তারা। এরপর বিশ্বকাপের ঠিক আগে তারা খেলবে আলজেরিয়ার বিপক্ষে। 

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া এবং পোল্যান্ড অথবা সুইডেন।