Published : 05 Sep 2026, 04:20 PM
দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে পিএসজি। ২০৩০ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের ডাগআউটে থাকবেন স্প্যানিশ এই কোচ।
পিএসজি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ জন খেলোয়াড়ের সঙ্গেও নতুন চুক্তিতে রাজি হয়েছে তারা।
বার্সেলোনা ও স্পেনকে কোচিং করানো এনরিকে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন। ক্লাবের ইতিহাসের সফলতম অধ্যায় চলছে এরপর থেকে। এই সময়ে ইউরোপ সেরার মঞ্চে দুটি শিরোপা জিতেছে পিএসজি। লিগ আঁ শিরোপা জিতেছে তিনটি।
২০২৪-২৫ মৌসুমে ছয়টি ট্রফি জেতে পিএসজি এবং ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে খেলে ফাইনালে।
নতুন চুক্তিতে ২০৩১ পর্যন্ত পিএসজিতে থাকবেন ডিফেন্ডার লুকাজ বেরাওদো ও উইলিয়ান পাচু, মিডফিল্ডার জুয়াও নেভ্স এবং অ্যাকাডেমিতে বেড়ে ওঠা সেনি মায়ুলু। ২০২৮ পর্যন্ত থাকবেন ফাবিয়া রুইস। তার ক্ষেত্রে মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ আছে।
পর্তুগিজ মিডফিল্ডার নেভ্স ২০২৪ সালে বেনফিকায় যোগ দেন পিএসজিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্লাবের হয়ে খেলেছেন ১০০ ম্যাচ। একই বছর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ফরাসি ক্লাবটিতে আসা একুয়েডরের সেন্টার ব্যাক পাচু খেলেছেন ১০৫ ম্যাচ।
২০২৪ সালের জানুয়ারিতে সাও পাওলো থেকে পিএসজিতে আসেন ব্রাজিলের ডিফেন্ডার বেরাওদো। ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় মায়ুলু ক্লাবে যোগ দেন ১২ বছর বয়সে।
স্প্যানিশ মিডফিল্ডার রুইস ২০২২ সালে নাপোলি থেকে আসেন পিএসজিতে। এখন পর্যন্ত ১৭১ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি, অবদান রেখেছেন ২৮ গোলে।