২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পেছনের ব্যর্থতা মুছে বছরের শেষটা ভালো করতে মরিয়া আলোন্সো

দলের ছন্দপতনে বেশ চাপে আছেন রেয়াল মাদ্রিদ কোচ।

পেছনের ব্যর্থতা মুছে বছরের শেষটা ভালো করতে মরিয়া আলোন্সো
শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়, ঘরের মাঠে টানা দুই ম্যাচে হার-এমন সব পরিসংখ্যানই ফুটিয়ে তুলছে, সাম্প্রতিক সময়ে কতটা ভুগেছে রেয়াল মাদ্রিদ। হতাশার এই অধ্যায় পেছনে ফেলতে আপাতত বছরের শেষটা ইতিবাচকভাবে করতে চান দলটির কোচ শাবি আলোন্সো।

নভেম্বরের প্রথম সপ্তাহে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল রেয়াল মাদ্রিদ, চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে ছিল ৫ পয়েন্টে। এক মাসের মাথায় দৃশ্যপট পাল্টে যায়; কক্ষপথ হারিয়ে সেই রেয়াল এখন নেমে গেছে দুইয়ে, তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে চূড়ায় উঠে গেছে বার্সেলোনা।

কষ্টে হলেও সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ দুই ম্যাচে জিতে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছে রেয়াল। তবে হঠাৎ অধারাবাহিক হয়ে পড়া দলটিকে ঘিরে সংশয়ের জায়গাও আছে।

বছরের শেষ ম্যাচে আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে তারা। বেশ চাপে থাকা আলোন্সো শুক্রবার সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বললেন, যেভাবেই হোক বছরের শেষটা ইতিবাচকতায় করার লক্ষ্য তাদের।

“আমরা ভালোভাবে শেষ করতে চাই, কঠিন একটা সময় কাটছে। ২০২৬ সালটা আমরা ভালোভাবে শুরু করতে চাই।”

“প্রতিপক্ষ শক্তিশালী, লড়াকু মানসিকতার, ওয়ান-অন-ওয়ানে লড়াই করে তারা, তাদের খেলোয়াড়রা অনেক বেশি ট্যাকল করে। বল পায়ে তারা খুব ভালো।”

২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া লিগে ও ইউরোপ সেরার ট্রফি জয়ী রেয়াল আবার সেই সাফল্যের স্বপ্ন দেখছে। কিন্তু কক্ষচ্যুত দলটি সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগেও পথ হারিয়েছে; এখানে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে দলটি। 

দলের এই ছন্দপতনে বেশ চাপে আছেন কোচ আলোন্সোও। তবে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে, বললেন তিনি।

“শুরু থেকে আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। এখানে সবার চাওয়া অনেক। সামনে অনেকটা পথ বাকি, ভালো সময় আসবে এবং এমন সময়ও আসবে যখন সবকিছু খুব ভালো যাবে না।”

১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ।

এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে সেভিয়া।