Published : 13 Aug 2026, 09:05 PM
ম্যানচেস্টার সিটির সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে জেরেমি ডোকুর। ইংলিশ ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। লম্বা সময় এখানে থাকার সুযোগ পেয়ে ভীষণ খুশি বেলজিয়ামের এই উইঙ্গার।
২৪ বছর বয়সী ডোকুর সঙ্গে নতুন চুক্তির কথা বৃহস্পতিবার জানিয়েছে সিটি। ২০৩১ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন ডোকু।
২০২৩ সালের গ্রীষ্মে ফরাসি ক্লাব রেন থেকে সিটিতে যোগ দেওয়া ডোকু, সময়ের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির জার্সিতে ১৩১ ম্যাচ খেলে ২২ গোল করেছেন এই ফরোয়ার্ড। সতীর্থদের ৩৪টি গোলেও রেখেছেন অবদান।
এখন পর্যন্ত সিটির হয়ে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন ডোকু।
ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
“সিটিতে এখন পর্যন্ত কাটানো সময় দারুণভাবে উপভোগ করেছি। তাই এখানে আরও বেশি সময় থাকার সুযোগ পাওয়াটা চমৎকার। এই ক্লাব আমার কাছে অনেক কিছু- এখানে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠেছি।
“আমি এখানে খুশি। ক্লাবের স্টাফদের পরিশ্রমের কারণে জানি যে প্রতিদিনই উন্নতি করছি। খেলোয়াড়দের উন্নতিতে এই ক্লাব কতটা সাহায্য করে, তা বোঝানো কঠিন।”