১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব‍্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় হাফিনিয়া-পেদ্রির অনুপস্থিতিতে অবাক ফ্লিক

কোচ মনে করেন, বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনা অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম থাকা উচিত ছিল।

ব‍্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় হাফিনিয়া-পেদ্রির অনুপস্থিতিতে অবাক ফ্লিক
গোল উদযাপন করেছেন হাফিনিয়া ও পেদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 03:57 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

গত মৌসুমে বার্সেলোনার হয়ে খেলেছেন, এমন তিন ফুটবলার ব‍্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও হাফিনিয়া ও পেদ্রির অনুপস্থিতিতে হতাশ হান্সি ফ্লিককে। বার্সেলোনা কোচ মনে করছেন, অধিনায়ক ও সহ-অধিনায়কের ওই তালিকায় থাকা উচিত ছিল। 

মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও রোনাল্দ আরাউহো দল ছাড়ার অধিনায়ক হয়েছেন হাফিনিয়া, সহ-অধিনায়ক পেদ্রি। গত মৌসুমে বার্সেলোনার শিরোপ জয়ে দুই জনেরই ছিল বড় ভূমিকা। 

চলতি মৌসুমেও দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছেন হাফিনিয়া। নাম্বার নাইনের ভূমিকায় নতুন উচ্চতার দিকে ছুটছেন ব্রাজিলিয়ান তারকা। আর অনেক দিন ধরেই বার্সেলোনার মাঝমাঠের প্রাণ বিশ্বকাপজয়ী স্প‍্যানিশ মিডফিল্ডার পেদ্রি। 

ফাইনর্টের বিপক্ষে ৫-১ ব‍্যবধানে জয় দিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে বার্সেলোনা। এরপর সংবাদ সম্মেলনে ব‍্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় হাফিনিয়া ও পেদ্রির অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন ফ্লিক।

“আমরা এটা পরিবর্তন করতে পারব না। তবে তারা অসাধারণ খেলোয়াড় এবং সেখানে থাকা তাদের প্রাপ‍্য।”

ফাইনর্টের বিপক্ষে জয়ে জোড়া গোল করেন হাফিনিয়া। একটি করে গোল করেন লামিন ইয়ামাল, কারিম আডেইয়েমি ও গাব্রিয়েল জেসুস। 

রবের্ত লেভানদোফস্কি ও ফেররান তরেস ক্লাব ছাড়ার পর আপাতত মূল স্ট্রাইকার হিসেবে খেলছেন হাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের প্রথম পাঁচ ম‍্যাচে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ৭৫ বছরের বেশি সময়ের মধ‍্যে বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম পাঁচ ম‍্যাচে গোল করলেন তিনি। তার পারফরম‍্যান্সে মুগ্ধ ফ্লিক।

“আজ আমরা আবার দেখলাম, হাফিনিয়ার খেলার তীব্রতা অসাধারণ। যখন সে গভীরে গিয়ে আক্রমণ করছিল, তখন তার দ্বিতীয় গোলের জন‍্য পেদ্রি যে পাস দিল সেটা অবিশ্বাস‍্য।”

পাঁচ ম‍্যাচের চারটিতেই পাঁচটি করে গোল করেছে বার্সেলোনা। এরই মধ‍্যে তারা করেছে ২২ গোল। এতে ২০১৫ সালের পর প্রথমবারের চ‍্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা নিয়ে আশা বাড়িয়েছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। তবে এখনই খুব বেশি দূরে তাকাচ্ছেন না ফ্লিক। তিনি দলকে আরও উন্নতির তাগিদ দিয়েছেন। 

“আমার খেলোয়াড়রা মাঠে যা করছে সেটা দেখে আমি খুশি। তবে সবসময়ই আপনি উন্নতি করতে পারেন। এখনও অনেক লম্বা পথ বাকি।”