‘ট্রেন্টের মতো একজনকে পাওয়া রেয়াল মাদ্রিদের জন্য সৌভাগ্যের’
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে কাছ থেকে দেখে মুগ্ধতার শেষ নেই রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার।
দলের চার গোল দেওয়ার ম্যাচে স্কোরশিটে নাম নেই ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। তবে ম্যাচটি যারা দেখেছেন, তারা জানেন যে ম্যাচের কতটা জুড়ে ছিলেন এই ডিফেন্ডার। গোল ছাড়া করেছেন তিনি সবই। তার এমন পারফরম্যান্স ও দিনের পর দিন তাকে কাছ থেকে দেখে মুগ্ধতার শেষ নেই রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার।
তুমুল আলোচিত দলবদলের পর লিভারপুল থেকে রেয়াল মাদ্রিদে এসে এখনও পর্যন্ত প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে লম্বা সময়। গোটা লিগ মৌসুমে এখনও পর্যন্ত মোটে খেলতে পেরেছেন ৪৬৬ মিনিট। সহায়তা করেছেন স্রেফ দুটি গোলে।
তবে তার সেরা সময়ের ঝিলিক দেখা গেছে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে। লা লিগায় শনিবার ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় রেয়াল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস থেকেই প্রথম গোলটি করেন গন্সালো গার্সিয়া। পরে পেনাল্টি থেকে ভিনিসিউস জুনিয়রের দুই গোল ও ফেদে ভালভের্দের দুর্দান্ত গোলে বড় জয় পায় রেয়াল।
ম্যাচের পর কোচ আরবেলোয়ার প্রতিক্রিয়ার অনেকটা জুড়ে থাকল অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের স্তুতি।
“ট্রেন্টকে নিয়ে নতুন কিছুই আমরা আবিষ্কার করছি না। সে সবসময়ই ভালো। তবে এটা দেখাটা আনন্দময় বিস্ময় যে, সে কীভাবে খেলাটা বুঝতে পারে, ফাঁকা জায়গাগুলো খুঁজে নিতে পারে। এই ধরনের ফুটবলারদের পাওয়া, একজন কোচের জন্য এই ব্যাপারগুলি গুরুত্বপূর্ণ, যারা আমাদের চাওয়াগুলি বুঝতে পারে। এমন নয় সে শুধু পাসই দিতে পারে, বরং আমাদের চাওয়ার সবকিছু আছে তার ভেতর।”
“তার সঙ্গে কাজ করে যে ব্যাপারটি আমার নজর কেড়েছে তা হলো, সে খুবই বুদ্ধিদীপ্ত, যে খেলাটা খুব ভালো বোঝে এবং সামনে যা আছে, দ্রুত ধরে ফেরে। সে প্রথাগত ফুল-ব্যাক নয় যে সবসময়ই পার্শ্ব ঘেষে ছুটে, সে মাঝামাঝিও খেলতে পারে। আমরা এমন ফুটবলারদেরই চাই, যারা পজিশন বিনিময় করতে পারে। ট্রেন্টের মতো একজন ফুটবলারকে পাওয়া রেয়ালের জন্য সৌভাগ্যের।”
কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামদের ছাড়া খেলতে নামা এই ম্যাচে রেয়ালের হয়ে দুটি করা গোল ছাড়াও দারুণ খেলেছেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকারও উচ্ছ্বসিত প্রশংসা করলেন আরবেলোয়া। রেয়াল কোচের মতে, স্রেফ গোল বা অ্যাসিস্টের সংখ্যায় ভিনিসিউসকে ফুটিয়ে তোলা যাবে না।
“মাসখানেক ধরে ভিনিকে দেখছি, শুধু এই ম্যাচ নয়। আমি আসার পর থেকে উঁচু মানের পারফরম্যান্স মেলে ধরছে, কার্যকর ভূমিকা রাখছে। আজকেও গোল করেছে, অন্যান্য দিনে গোলে সহায়তা করেছে। সে এমন একজন, যাকে শুধু সংখ্যায় তুলে ধরা যাবে না। যেভাবে সে ম্যাচে প্রভাব রাখে, প্রতিপক্ষের যত জনকে ব্যস্ত রাখে, প্রতিপক্ষের রক্ষণে যেভাবে হুমকি ছড়ায়…।”
“সে বিশ্বসেরাদের একজন এবং তার মতো একজনকে কোচিং করাতে পারাটা সৌভাগ্যের। দারুণ ছেলে সে, হৃদয়টা বিশাল। সতীর্থ হিসেবে দুর্দান্ত, ফুটবলার হিসেবে গ্রেট এবং তাকে পাশে পাওয়াটা আমার সৌভাগ্য।”
