স্প্যানিশ ফুটবল
Published : 17 Feb 2026, 04:38 PM
জিরোনার বিপক্ষে হারের পর, পাও কুবার্সির মতো হোয়ান গার্সিয়াও নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছেন। তবে ফ্রান বেলত্রানের জয়সূচক গোলটি নিয়ে আপত্তি জানালেন গার্সিয়া। বার্সেলোনা গোলকিপারের দাবি, ওই আক্রমণের সময় ফাউলের শিকার হয়েছিলেন জুল কুন্দে, যা রেফারির দৃষ্টি এগিয়ে গেছে; এমনকি, কার্যকর ভূমিকা রাখেনি ভিএআরও।
লা লিগায় সোমবার প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে হারে বার্সেলোনা। কুবার্সি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, তমাস লেমা জিরোনাকে সমতায় ফেরান। শেষদিকে বেলত্রান গড়ে দেন ব্যবধান।
বেলত্রানের গোলটিই এখন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে, ওই গোলের আগ মুহূর্তে জিরোনার ক্লদিও এচেভেরি পা মাড়িয়ে দেন জুল কুন্দের; তাতে বার্সেলোনার ডিফেন্ডার আর বল ফিরে পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে পারেননি।
ওই ঘটনায় বার্সেলোনার আবেদনে সাড়া দেননি রেফারি সেসার সোতো গ্রাদো। ভিএআরও এগিয়ে আসেনি পর্যালোচনায়। গার্সিয়ার ক্ষোভ এখানেই।
“খেলা চলাকালীন আমি এটা পরিষ্কার দেখতে পারিনি-ঘটনাটি খুব দ্রুত হয়েছে; কিন্তু রিপ্লে দেখার পর, আমার কাছে এটা ফাউল। জুল বলের কাছে গিয়েছিল, কিন্তু তার পা মাড়িয়ে দেওয়া হয়।”
“মাঠে রেফারি ভুল করতেই পারেন, কেননা ঘটনাটি খুব দ্রুত ঘটেছিল; কিন্তু আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করেছে, তা হচ্ছে, ভিএআর তাকে (রেফারিকে) ডাকেনি। এগুলো অবশ্য হয়। আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তাই এগিয়ে যেতে হবে আমাদের।”
হারের দায় নিজেদের কাঁধে নিয়ে ডিএজেডএনে কুবার্সি অকপটে বলেন, ‘সবকিছুতেই আমাদের কমতি ছিল।’ দ্বিতীয় গোলের ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ, হতাশা থাকলেও, নিজেদের ব্যর্থতা মেনে নিলেন গার্সিয়াও।
সাম্প্রতিক সময়ে রক্ষণের ঘাটতি তুলে ধরে তিনি বলেন, “আমরা খুব বেশি এবং সহজেই গোল হজম করছি। আমি নিজেও ভালো করতে পারিনি।”
এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরা হয়নি বার্সেলোনার। ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।