Published : 05 Sep 2026, 06:55 PM
লিভারপুলে আলেকসান্দার ইসাককে নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। রেকর্ড ট্রান্সফার ফিতে ক্লাবটিতে নাম লিখিয়ে প্রথম মৌসুমে সেই প্রত্যাশা তিনি মেটাতে পারেন খুব সামান্যই। অবশেষে চলতি মৌসুমে স্বরূপে ফিরতে শুরু করেছেন তিনি। ইপ্সউইচ টাউনের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানোর পর এই সুইডিশ স্ট্রাইকার বলেছেন, এখানে কঠিন শুরুটা তার কাছে এখন অতীত।
গত বছরের মাঝামাঝি নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রিটিশ রেকর্ড সাড়ে ১২ কোটি পাউন্ডে ইসাককে দলে নেয় লিভারপুল। অ্যানফিল্ডে তার অভিষেক মৌসুমটি ছিল চোটজর্জরিত, যেখানে ২২ ম্যাচে কেবল চারটি গোল করতে পারেন তিনি।
ওই ২২ ম্যাচে তিনি খেলেন মোট এক হাজার ৩৩ মিনিট, প্রতি ২৫৮ মিনিটে গোল করতে পারেন একটি। এর মধ্যে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ খেলে মোট ৭০৩ মিনিট মাঠে ছিলেন এবং প্রতি ২৩৪ মিনিটে গোল করতে পারেন একটি।
এই মৌসুমে প্রথম তিন ম্যাচেই লিগের সেই গোলসংখ্যা (তিন) ছুঁয়ে ফেলেছেন ইসাক। ২৬ বছর বয়সী তারকা শুক্রবার ইপ্সউইচের বিপক্ষে ম্যাচের প্রথম ৯ মিনিটের মধ্যেই করেন দুটি গোল। ওই দুই গোলেই জেতে লিভারপুল।
ম্যাচের পর ইসাকের কণ্ঠে ফুটে ওঠে কঠিন সময় পেছনে ফেলতে পারার স্বস্তি।
“সময়টা সহজ ছিল না। দীর্ঘদিনের চোটের ধাক্কা এবং সার্বিকভাবে মৌসুমটাও বেশ কঠিন কেটেছিল। ভেবেছিলাম: প্রথমে বিশ্বকাপে ভালো খেলতে চাই এবং তারপর মৌসুমটা ভালোভাবে শুরু করতে চাই, যা এখন করতে পেরেছি বলেই মনে হচ্ছে আমার।
“ওই মৌসুম এখন অতীত, কিন্তু ওটা একেবারেই সহজ ছিল না।”
ইসাকের গোলগুলো লিভারপুল কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে এনে দিয়েছে প্রথম জয়। বোর্নমাউথের সাবেক এই কোচের বিশ্বাস, ইসাকের গোল আসতেই থাকবে।
“হ্যাঁ, আলেক্স (ইসাক) যদি ফিট থাকে, খেলার জন্য প্রস্তুত থাকে এবং ভালো অবস্থায় থাকে, আমার মনে হয় সে গোল করবেই। আলেক্সের কাছে আমার দাবি গোল নিয়ে হবে না, হয়তো অন্য কিছু নিয়ে হবে। আমি অন্য কিছু চাইব, যাতে আমরা ভালো খেলতে পারি, কারণ আমরা ভালো খেললে ভালো অবস্থানে থাকব এবং গোল আসবেই।
“তাকে দলের জন্য অবদান রাখতে হবে এবং এটা জানতে হবে যে, যখন সবাই সাহায্য করবে, তখন গোল ও অ্যাসিস্ট এমনিতেই আসবে।