১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সালিবাকে ‘লম্বা সময়’ পাবে না আর্সেনাল

চোট নিয়ে বিশ্বকাপ শেষ করা ফরাসি ডিফেন্ডারের মাঠে ফিরতে অনেক সময় লাগবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 04:02 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চোটের শঙ্কাকে সঙ্গী করে শুরু হয়েছিল উইলিয়াম সালিবার বিশ্বকাপ। চোট নিয়েই হয়েছে শেষ। সেই চোট তাকে মাঠের বাইরে রাখবে অনেক দিন। নতুন মৌসুম শুরুর আগেই তাই বড় ধাক্কা এলো আর্সেনালের জন্য।  

সুনির্দিষ্ট করে তার মাঠে ফেরার সময় জানানো হয়নি। তবে আর্সেনাল বুধবার বিবৃতিতে জানায়, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন ফরাসি এই ডিফেন্ডার।

পিঠের এই চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনা ছিল সালিবাকে নিয়ে। কোচ দিদিয়ে দেশোঁ তখন সেই শঙ্কা উড়িয়ে দিয়েছিলেন এবং এই ডিফেন্ডার মাঠেও নামেন। তবে বিশ্বকাপজুড়েই এই চোট তার অস্বস্তির কারণ হয় এবং অনুশীলনকেও অনেক সীমাবদ্ধ করে দেয়।

পরে স্পেনের বিপক্ষে সেমি-ফাইনালে ৩০ মিনিট খেলেই তাকে মাঠ ছাড়তে হয়। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি খেলতে পারেননি।

আর্সেনাল বিবৃতিতে জানায়

“এই সপ্তাহে লন্ডনে ফেরার পর বিশেষজ্ঞদের পর্যালোচনায় নিশ্চিত হয়েছে যে, উইলিয়াম পিঠে চোট পেয়েছে, যেটি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে।

ব্যাপক পর্যালোচনার পর এই সিদ্ধান্তে আসা গেছে যে, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে উইলিয়াম এখন নিয়ন্ত্রিত রিকভারি প্রোগ্রাম শুরু করবে। সে যাতে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারে, তা নিশ্চিত করতে সবার মনোযোগ এখন তার পাশে থেকে তাকে সহায়তা করায়।”

আগামী ২১ অগাস্ট প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্সেনাল। তাদের প্রথম প্রতিপক্ষ এবার প্রিমিয়ার লিগে উঠে আসা কভেন্ট্রি সিটি।