১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জার্মানির প্রথম পছন্দ থাকতে টের স্টেগেনকে যে শর্ত দিলেন নাগেলসমান

চোট কাটিয়ে ফিরে টের স্টেগেনকে বার্সেলোনায় নিজের জায়গা পোক্ত করতে বলেছেন ইউলিয়ান নাগেলসমান।

জার্মানির প্রথম পছন্দ থাকতে টের স্টেগেনকে যে শর্ত দিলেন নাগেলসমান
বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

লম্বা একটা সময় ধরে বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিন্তু কাতালান ক্লাবটিতে তার সেই অবস্থান এখন আর নেই। এতে জাতীয় দলেও ‘নড়বড়ে হয়ে পড়ছে’ জার্মান এই ফুটবলারের জায়গা। তাই বার্সেলোনায় তাকে পায়ের নিচের মাটি শক্ত করার বার্তা দিয়েছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান।

বার্সেলোনায় টের স্টেগেনের ভবিষ্যৎ নিয়ে কিছুদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা। গণমাধ্যমে খবর, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে ছেড়ে দিয়ে প্রস্তুত স্প্যানিশ ক্লাবটি। তবে লা লিগা চ্যাম্পিয়নদের ছাড়তে নারাজ স্টেগেন।

ক্লাবটিতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে কদিন আগে পিঠে অস্ত্রোপচার করান টের স্টেগেন। পরে নিজেই জানান, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

চোটের সঙ্গে লড়াই অনেক দিন ধরে চলছে টের স্টেগেনের। গত মৌসুমের শুরুতে হাঁটুতে পেয়ে সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তখনও করাতে হয়েছিল অস্ত্রোপচার। এর আগে ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচারের পর দুই মাসের বেশি বাইরে ছিলেন তিনি।

দীর্ঘদিন বার্সেলোনার মূল গোলরক্ষক ছিলেন টের স্টেগেন, দলটির অনেক সাফল্যের কারিগরও তিনি। কিন্তু গত মৌসুমের শুরুতে পাওয়া চোট ওলট-পালট করে দেয় তার সব কিছু। তখন ভয়চেখ স্ট্যান্সনির শরণাপন্ন হয় ক্লাবটি এবং অবসর ভেঙে তাদের সঙ্গে যোগ দেন এই পোলিশ গোলরক্ষক। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে দুই বছরের নতুন চুক্তিও করেছেন তিনি।

এছাড়া গত মাসে এস্পানিওল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে টানে বার্সেলোনা। এরপর থেকেই মূলত ক্লাবটিতে টের স্টেগেনে ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে অনিশ্চয়তা। তাদের পাশাপাশি আরও একজন গোলরক্ষক আছে বার্সেলোনার-ইনিয়াকি পেনিয়া।

এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাঝে টের স্টেগেন যদি বার্সেলোনা একাদশে জায়গা পাকা করতে না পারে, তাহলে জাতীয় দলেও তাকে জায়গা হারাতে হবে-স্কাই জার্মানিকে সরাসরিই বললেন নাগেলসমান।

“সে যদি তার ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ফিরে আসে, তাহলে সে অবশ্যই আমাদের প্রথম পছন্দের গোলরক্ষক হতে পারে, কারণ সে এটার যোগ্য। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে, ঠিক অন্য যেকোনো খেলোয়াড়ের মতো।”

নাগেলসমান অবশ্য আশাবাদী, আবারও বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে উঠবেন টের স্টেগেন, একই সঙ্গে জার্মান দলেরও। তার বিশ্বাস, জার্মানির সামনের ম্যাচগুলো তো বটেই, আগামী বিশ্বকাপেও খেলবেন এই ফুটবলার।

“আমার মনে হয়, মার্ক ডিসেম্বরে মাঠে ফিরবে। সে মার্চে (জার্মানির হয়ে) দুটি ম্যাচই খেলবে, জুন মাসেও এবং তারপর সে বিশ্বকাপে খেলবে।”