নিউক্যাসলের বিপক্ষে পঞ্চম লড়াইয়ে সিটির ‘ভাগ্যের সহায়তা প্রয়োজন’
কয়েক মাসের মধ্যে বারবার দেখা হওয়ায় নিউক্যাসল ইউনাইটেডকে চমকে দেওয়ার মতো কোনো উপকরণ দলে দেখছেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে পঞ্চমবারের মতো নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, এবার তাদের ভাগ্যের সহায়তা প্রয়োজন।
এফএপ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসলের মাঠে খেলবে সিটি। শনিবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ ও লিগ কাপে দুইবার করে মুখোমুখি হয়েছে নিউক্যাসল ও সিটি। এর একটিতে হেরেছে সিটি, জিতেছে বাকি তিনটিতে। এই সব ম্যাচ হয়েছে গত চার মাসের মধ্যে। এতে গুয়ার্দিওলার মনে হচ্ছে, প্রতিপক্ষ সম্পর্ক দুই দলেরই নতুন করে জানার মতো তেমন কিছু নেই।
“পরস্পরকে আমরা ভালোভাবে চিনি, কোনো চমক নেই। চলতি মৌসুমে এটাই প্রথম নয়। কতবার আমরা নিউক্যাসল এবং এডি হাউয়ের বিপক্ষে খেলেছি? প্রচুর। তবে এটা ওদের জন্যও একই। ব্যাপারটার এমনই। যখন ব্যবধান খুব কম, তখন ভাগ্য গুরুত্বপূর্ণ।”
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করেছে সিটি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে হারিয়েছে ২ পয়েন্ট। এফএ কাপে নিউক্যাসলের বিপক্ষে লড়াইয়ের পর তাদের মনোযোগ দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সফলতম দল রেয়াল মাদ্রিদ। চলতি মাসের শেষ দিকে লিগ কাপের ফাইনালেও খেলবে সিটি।
এতো ব্যস্ত সূচির মধ্যেও এফএ কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন গুয়ার্দিওলা।
“গত বছর আমরা কতগুলো ফাইনাল ও সেমি-ফাইনালে খেলেছি? প্রচুর। এর অর্থ এফএ কাপ সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা নিউক্যাসলে যাব ম্যাচ জেতার জন্য এবং পরের রাউন্ডে যাওয়ার জন্য।”
