Published : 08 Jun 2026, 11:13 AM
ম্যাচের তখন মিনিট চলছে। হঠাৎ বুকে হাত দিয়ে মাঠে পড়ে গেলেন ক্রিস্তিয়ান এরিকসেন। খেলা থমকে গেল চারপাশ থেকে ছুটে এলেন অনেকেই। ফিরে এলো পাঁচ বছর আগের সেই দুঃসহ স্মৃতিও। দ্রুতই হাসপাতালে নেওয়া হলো তাকে। শেষ পর্যন্ত খবর, তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং আপাতত ভালো আছেন।
ইউক্রেনের সঙ্গে রোববার ডেনমার্কের প্রীতি ম্যাচের ঘটনা এটি। স্বাগতিক ডেনমার্ক তখন এগিয়ে ছিল ২-১ ব্যাবধানে। এরিকেসেনের ঘটনার পর ম্যাচের বাকিটুকু বাতিল করা হয়।
২০২১ সালে ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসেন। সেই ঘটনা স্পর্শ করেছিল গোটা ফুটবল বিশ্বকে। এবারের দৃশ্যগুলোও উদ্বেগজনকভাবে ছিল একইরকমের। দুই দলের ফুটবলাররা দ্রুত ছুটে গিয়ে বৃত্ত গড়ে আড়াল করেন তাকে। চিকিৎসক দল ছুটে আসেন।
মিনিট দশেক প্রাথমিক চিকিৎসার পর হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠতে সক্ষম হন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। গোটা মাঠের দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং ‘এরিকসেন’ এরিকেসন’ গর্জনে সাহস জোগান তাকে।

ডেনিশ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে দলীয় চিকিৎসক মর্টেন বোসেন জানান, আপাতত ভালো আছেন এই তারকা, তবে আরও পরীক্ষা করানো হবে তার।
“ক্রিস্তিয়ান ভালো আছে এবং নিজেই হেঁটে মাঠ থেকে বেরিয়ে গেছে। পেসমেকারটি যেমনটা কাজ করার কথা, সেভাবেই কাজ করেছে। কিছুক্ষণের জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু খুব দ্রুতই তার জ্ঞান ফিরে আসে এবং আমরা দ্রুত তার সঙ্গে যোগাযোগ করি।”
“কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা নির্ধারণ করতে এখন হাসপাতালে তার আরও পরীক্ষা করা হবে। আমরা তার এবং হাসপাতালের ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আপাতত সে ভালো আছে এবং আমাকে বলেছে সব ফুটবলারকে তার শুভেচ্ছা জানাতে ও তার ভালো থাকার কথা জানাতে বলেছে।”
ডেনমার্কের ফুটবল ইতিহাসের সেরাদের একজন মনে করা হয় এরিকসেনকে। ২০১০ সালে আয়াক্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু তার। পরে টটেনহ্যৌাম হটস্পারে খেলেছন সাত বছর। ২০২১ ইউরোর ঘটনার সময় তিনি ছিলেন ইন্টার মিলানে। সেবার চিকিৎসার জন্য এক বছর থাকতে হয় মাঠের বাইরে।
পরে তিনি যোগ দেন ব্রেন্টফোর্ডে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে তিন বছর খেলে এখন তার ঠিকানা জার্মান ক্লাব ভলফসবুর্ক।