১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফুটবলাররা মেশিন নয়’, আরও দুজনকে হারিয়ে ক্ষোভ ঝারলেন আর্সেনাল কোচ

ঠাসা সূচির কারণেই একের পর এক ফুটবলার চোট পাচ্ছে বলে মনে করেন মিকেল আর্তেতা।

‘ফুটবলাররা মেশিন নয়’, আরও দুজনকে হারিয়ে ক্ষোভ ঝারলেন আর্সেনাল কোচ
মিডফিল্ডার ডেক্লান রাইসের সঙ্গে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

আর্সেনালের চোট সমস্যা যেন কিছুতেই কাটছে না। সবশেষ ম্যাচে সেই তালিকায় নতুন সংযোজন ডেক্লান রাইস ও ক্রিস্তিয়ান মসকেরা। মৌসুমে এর আগেও অনেক চোট আঘাত হেনেছে দলটিতে। একের পর এক খেলোয়াড় হারানোর জন্য ঠাসা সূচির দায় দেখছেন মিকেল আর্তেতা। 

আর্সেনাল শিবিরে সবশেষ দুটি চোট আঘাত হেনেছে বুধবার রাতে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে লড়াইয়ে। ঘরের মাঠে ২-০ গোলে জেতা প্রিমিয়ার লিগের এই ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার মসকেরা এবং ৮৩তম মিনিটে একই কারণে উঠে যান মিডফিল্ডার রাইস।

গুরুত্বপূর্ণ আরও দুই ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সমস্যা সমাধানে ফুটবলারদের বিশ্রামের জন্য আরও সময় চেয়ে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করলেন তিনি।

“অবশ্যই এটা কখনো ভালো সংবাদ নয়। বাধ্য হয়ে ডেক্লানকে মাঠ ছাড়তে হয়। তার কী অবস্থা, আগামীকাল বোঝা যাবে। (চোট নিয়ে) উঠে যাওয়া আরেক জন হলো মসকেরা। গাবি (গাব্রিয়েল) ও উইলিও (সালিবা) মাঠের বাইরে। তাই আমাদের মানিয়ে নিতে হবে।”

“আমরা বুধবার রাতে খেললাম এবং শনিবার সকালেও খেলতে হবে। আমরা খেলতে পারি, তবে রিকভারির জন্য এবং এই খেলোয়াড়দের মঙ্গলের জন্য তারা যদি দয়া করে আমাদের আরও কিছুটা সময় দিতে পারে, তাহলে খুব ভালো হয়...”

দুই ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল মাগালিয়াইস ছাড়া মিডফিল্ডার লিয়ান্দ্রো ত্রোসার এবং দুই ফরোয়ার্ড কাই হাভার্টজ ও গাব্রিয়েল জেসুসও চোটে কারণে বাইরে আছেন।

আর্তেতার মতে, বিশেষ করে যে দলগুলো ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি ইউরোপীয় টুর্নামেন্টেও খেলছে, তাদের বিশ্রাম একটু বেশি অবশ্যই প্রয়োজন।

“আমাদের আরেকটি দিন (বিশ্রামের জন্য) দিন, বিশেষ করে যে দলগুলো ইউরোপে অনেক খেলে তাদেরকে। সামগ্রিকভাবে সবার জন্যই আমরা তা করতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হবো।”

“কোনো পর্যায়েই আগে কখনও এমন (ঠাসা) সূচি ছিল না; শুধু প্রিমিয়ার লিগে নয়, সব প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও(একই অবস্থা)। তাই দয়া করে আমাদের চেষ্টা করতে হবে এটা (বিরতি বাড়ানোর) করার।”

এভাবে চলতে থাকলে আগামীতে খুব বড় সমস্যা ধরা দেবে বলেও সতর্ক করলেন আর্তেতা।

“এটা কোনো তর্কের বিষয় নয়। আমার মতে, এটা সাধারণ একটা জ্ঞান। আমার ধারণা, একটা সময় এটা অতিরিক্ত হয়ে যাবে (সীমা ছাড়িয়ে যাবে), আর খেলোয়াড়রা তো মেশিন নয়।”

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনেককে না পেলেও, মাঠে ধারাবাহিকভাবেই আলো ছড়িয়ে যাচ্ছে আর্সেনাল। 

চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে শতভাগ সফল দলটি প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে।